গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিল্লিতে প্রথম প্রকাশ্যে তালেবানের ‘বিজয় দিবস’ সংবর্ধনা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০ পিএম, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৪১ এএম ২০২৬
দিল্লিতে প্রথম প্রকাশ্যে তালেবানের ‘বিজয় দিবস’ সংবর্ধনা
ছবি

ভারতের আফগান দূতাবাস -ছবি রয়টার্স

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পাঁচ বছর পর ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘বিজয় দিবস’ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে তালেবান। আগামী ১৭ আগস্ট নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসে এ অনুষ্ঠান হবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ আয়োজন ভারত ও তালেবান সরকারের মধ্যকার ক্রমবর্ধমান যোগাযোগ ও সম্পর্কেরই আরেকটি দৃশ্যমান ইঙ্গিত।

নয়াদিল্লির আফগান দূতাবাসে তালেবান সরকারের নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স নূর আহমেদ নূর এ অনুষ্ঠানের আয়োজন করছেন। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, আফগান প্রবাসী, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে। ভারত সরকারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দিল্লিতে এটিই তাদের পক্ষ থেকে প্রথম বড় ধরনের প্রকাশ্য আনুষ্ঠানিক আয়োজন। এর আগে আফগান দূতাবাসে বিভিন্ন অনুষ্ঠান হলেও সেগুলো পরিচালিত হতো তালেবান ক্ষমতা দখলের আগের সরকারের প্রতিনিধিদের মাধ্যমে।

অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নূর আহমেদ নূরকে ভারতে ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান দূতাবাসের’ চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারত অবশ্য এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ফলে অনুষ্ঠানে আফগানিস্তানের কোন প্রতীক ব্যবহার করা হবে, বিশেষ করে দেশটির পতাকা প্রদর্শন করা হবে কি না, সেদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নজর থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

তালেবান ক্ষমতা দখলের পর দিল্লিতে আফগান মিশনের প্রতিনিধি হিসেবে গত জানুয়ারিতে ভারতে আসেন নূর আহমেদ নূর। এরপর তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এর মাধ্যমে আফগানিস্তানে নিজেদের স্বার্থ রক্ষা ও কূটনৈতিক যোগাযোগ বাড়াতে তালেবান সরকারের সঙ্গে ভারতের সক্রিয় সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়েছে।

নূর আহমেদ নূর এর আগে কাবুলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের অক্টোবরে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ঐতিহাসিক ভারত সফরের সময়ও তিনি সফরসঙ্গী ছিলেন। সেটিই ছিল কোনো শীর্ষ তালেবান নেতার প্রথম ভারত সফর।

ওই সফরের পর নয়াদিল্লি ভারতে তালেবান কূটনীতিকদের দায়িত্ব পালনের অনুমতি দেয়। বর্তমানে মুম্বাই ও হায়দরাবাদে আফগান কনস্যুলেটের দায়িত্বেও রয়েছেন তালেবান সরকারের কর্মকর্তারা।

এদিকে মুত্তাকির সফরের পর কাবুলে ভারতের ‘টেকনিক্যাল মিশন’কে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন জানিয়েছিল, আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপর তালেবান সরকারের আরো কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ভারত সফর করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন শিল্পমন্ত্রী নুরুদ্দিন আজিজি, স্বাস্থ্যমন্ত্রী নূর জালাল জালালি ও কৃষিমন্ত্রী আতাউল্লাহ ওমারি।

আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক ও মানবিক সহায়তা। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আফগানিস্তানের উন্নয়ন ও মানবিক সহায়তার জন্য ১৫০ কোটি রুপি বরাদ্দ করেছে ভারত। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার সময়ও আফগানিস্তানের প্রতি সমর্থন ও মানবিক সহায়তা অব্যাহত রেখেছে দিল্লি।

সব মিলিয়ে নয়াদিল্লিতে তালেবানের এ প্রকাশ্য আয়োজনকে আনুষ্ঠানিক স্বীকৃতির পর্যায়ে না গেলেও দুই পক্ষের ক্রমবর্ধমান কূটনৈতিক ঘনিষ্ঠতার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সানা/আপ্র/১৪/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই