দক্ষিণ ইরানে টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, বাহরাইনের ওই রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। তবে ইরানের এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইন- কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, শুক্রবার সকালে এ হামলা চালানো হয়। এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সরকারি সূত্রের বরাতে জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে শত্রুপক্ষের হামলা হয়েছে। ওই ঘটনার কয়েক ঘণ্টা পর বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি সামনে আসে।
বিবৃতিতে এ হামলাকে ‘গুরুতর সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করে আইআরজিসি বলেছে, আকাশপথে ধারাবাহিক উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালিতে তেল চোরাচালান বন্ধ করতে হবে। এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে তাদের মহাকাশ বাহিনী সীমাহীনভাবে জবাব দিতে প্রস্তুত।
আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্সও দাবি করেছে, বাহিনীর মহাকাশ শাখা হামলা চালিয়ে রাডার স্থাপনাটি ধ্বংস করেছে। তবে স্থাপনাটির প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে নিরপেক্ষ কোনো তথ্য পাওয়া যায়নি।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। রাজধানী মানামার নেভাল সাপোর্ট অ্যাকটিভিটি ঘাঁটিতে অবস্থিত এ সদর দপ্তর মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর অভিযান পরিচালনার অন্যতম প্রধান কেন্দ্র।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত পরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। যুদ্ধের শুরুর দিকে বাহরাইনে পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও হামলা হয়েছিল। আল-জাজিরার বিশ্লেষণ করা কৃত্রিম উপগ্রহের ছবিতে ওই ঘাঁটির কয়েকটি রাডারে সরাসরি হামলা এবং বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছিল।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলার এমন দাবি গত সেপ্টেম্বরের শুরুর পর এই প্রথম। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের উত্তেজনা কিছুটা কমলেও হরমুজ প্রণালিতে নৌ চলাচল ও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ নিয়ে দুই দেশের বিরোধ অব্যাহত রয়েছে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স
সানা/আপ্র/১৩/১১/২০২৬