গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো গ্রাহক

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩৩ এএম ২০২৬
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো গ্রাহক
ছবি

যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েন

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ ব্যবহারকারী। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ই-মেইল সেবা আউটলুক, অনলাইন যোগাযোগের প্ল্যাটফর্ম টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা ব্যবহারে বিঘ্ন ঘটে। এ বিপর্যয়ের প্রভাব পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এবং অ্যানথ্রপিকের কয়েকটি সেবাতেও। যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েন।

মাইক্রোসফট জানিয়েছে, তাদের কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয় এবং একপর্যায়ে বিভিন্ন অনলাইন সেবায় সংযোগের সমস্যা দেখা দেয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে এ বিপর্যয় শুরু হয়। মাইক্রোসফটের ভাষ্য, প্রাথমিকভাবে কয়েকটি সার্ভারের নিয়মিত কার্যকারিতা যাচাইয়ের প্রক্রিয়া ব্যর্থ হয়। পরে দেখা যায়, সংশ্লিষ্ট সার্ভারগুলোর একটি অংশ অকার্যকর হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সেগুলো পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়।

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, মূলত তাদের এক্সচেঞ্জ অনলাইন সেবার সঙ্গে সংযোগ স্থাপনে সমস্যা হচ্ছিল। এর প্রভাব পড়ে মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবায়। ব্যবহারকারীরা আউটলুকের ই-মেইল পাঠানো ও গ্রহণ, ইনবক্স খোলা, ক্যালেন্ডারের তথ্য দেখা এবং বিভিন্ন ফাইল ব্যবহারে সমস্যায় পড়েন। টিমসের পাশাপাশি প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটও ঠিকমতো কাজ করছিল না।

বিপর্যয়ের ব্যাপকতা বোঝা যায় অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যে। যুক্তরাষ্ট্রে একপর্যায়ে শুধু আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ ১ লাখ ৩০ হাজার ছাড়িয়ে যায়। পরে গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে বিশ্বজুড়ে এ ধরনের অভিযোগ প্রায় ১ লাখ ৪০ হাজারে পৌঁছায়। রয়টার্সের হিসাবে, যুক্তরাষ্ট্রে অভিযোগের সংখ্যা সর্বোচ্চ ১ লাখ ৩৮ হাজার ৫৮-তে উঠেছিল। পরে তা কমে এলেও সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানাচ্ছিলেন।

মাইক্রোসফট শুরুতে সার্ভারগুলো পুনরায় চালু করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। কিন্তু চালু করা কিছু সার্ভার আবার অকার্যকর হয়ে পড়ায় প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। পরে বিকল্প পথে ইন্টারনেটের তথ্যপ্রবাহ পরিচালনা করে বাকি সার্ভারগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠানটি একাধিক বার্তায় জানায়, সেবা পুনরুদ্ধারের কাজে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সচল করা সার্ভারগুলোর স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে সব ব্যবহারকারীর জন্য সেবা স্বাভাবিক হতে সময় লাগতে পারে।

এআই ও ব্যবসাপ্রতিষ্ঠানেও প্রভাব: মাইক্রোসফটের বিপর্যয়ের প্রভাব অন্য প্রযুক্তিপ্রতিষ্ঠানের সেবাতেও ছড়িয়ে পড়ে। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানায়, মাইক্রোসফটের সংযোগব্যবস্থায় সমস্যার কারণে নতুন সংযোগ স্থাপনে বিঘ্ন ঘটছিল এবং তাদের কিছু সরঞ্জাম প্রত্যাশামতো কাজ করছিল না। বিষয়টি খতিয়ে দেখছিল প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা প্রদানকারী অ্যানথ্রপিক জানায়, তাদের মাইক্রোসফট ৩৬৫ সংযোগকারীর সঙ্গে সম্পর্কিত সমস্যার উৎস শনাক্ত করা হয়েছে। তৃতীয় পক্ষের একটি সেবা সরবরাহকারীর দিক থেকে এ সমস্যা তৈরি হয়েছিল।

এ বিপর্যয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমেও বিঘ্ন ঘটে। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্কহর্স গ্রুপের বৃহস্পতিবার তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের কথা ছিল। কিন্তু মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের কারণে তা পিছিয়ে ১৬ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

এর আগেও গত মাসে মাইক্রোসফটের ক্লাউড সেবা অ্যাজুরে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। তাতে প্রতিষ্ঠানটির বিভিন্ন উৎপাদনশীলতাবিষয়ক সেবা এবং বিশ্বের বিভিন্ন খাতের ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। পরপর এমন বিপর্যয়ে মাইক্রোসফটের সেবার নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

কর্মীদের কারও ভোগান্তি, কারও স্বস্তি: মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে বিশ্বজুড়ে অনেক প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজ ব্যাহত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মজার প্রতিক্রিয়াও দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের করপোরেট কর্মীদের কেউ কেউ আউটলুক ও টিমস অচল থাকায় সাময়িকভাবে কাজের চাপ কমে যাওয়াকে স্বস্তি হিসেবে দেখেছেন।

এক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আউটলুক নেই, টিমস নেই... তাহলে আমরা সবাই বাড়ি চলে যাই না কেন?’

বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানের দৈনন্দিন যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও কাজের সমন্বয়ে মাইক্রোসফট ৩৬৫-এর মতো সেবার ওপর নির্ভরশীলতা কতটা বেড়েছে, এ বিপর্যয় তা আবারো সামনে এনেছে। একই সঙ্গে একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের সার্ভার ও অনলাইন অবকাঠামোয় সমস্যা দেখা দিলে তার প্রভাব কীভাবে অন্য প্রতিষ্ঠানের সেবা এবং আন্তর্জাতিক ব্যবসায় ছড়িয়ে পড়তে পারে, সেটিও স্পষ্ট হয়েছে। সূত্র: রয়টার্স, এএফপি
সানা/আপ্র/১৩/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ডায়াবেটিস নিয়ন্ত্রণে দৈনন্দিন সহায়তা করবে যেসব অ্যাপ
১৩ নভেম্বর ২০২৬

ডায়াবেটিস নিয়ন্ত্রণে দৈনন্দিন সহায়তা করবে যেসব অ্যাপ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা, খাবারের হিসাব রাখা, নির্দিষ্ট সময়ে ওষুধ...

একাকিত্ব দূর করতে সঙ্গী হয়ে আসছে মানবসদৃশ রোবট
১০ নভেম্বর ২০২৬

একাকিত্ব দূর করতে সঙ্গী হয়ে আসছে মানবসদৃশ রোবট

মানুষের জীবনে একাকিত্ব নতুন কিছু নয়। ব্যস্ত শহরে চারপাশে অসংখ্য মানুষ থাকলেও মনের কথা বলার মতো কাউকে...

সাইবার নিরাপত্তায় প্রতিরোধে জোর দেওয়ার আহ্বান আইসিটি মন্ত্রীর
১০ নভেম্বর ২০২৬

সাইবার নিরাপত্তায় প্রতিরোধে জোর দেওয়ার আহ্বান আইসিটি মন্ত্রীর

সাইবার হামলার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ঝুঁকি শনাক্ত করে তা প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়েছেন ডা...

মঙ্গলের ভূগর্ভে আগ্নেয়গিরির সক্রিয়তার নতুন ইঙ্গিত
০৭ নভেম্বর ২০২৬

মঙ্গলের ভূগর্ভে আগ্নেয়গিরির সক্রিয়তার নতুন ইঙ্গিত

মঙ্গল গ্রহের ভূগর্ভে এখনো আগ্নেয়গিরির কার্যক্রম সক্রিয় থাকতে পারে। গ্রহটির তলদেশ থেকে হাইড্রোজেন ক্ল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে