মহাকাশে পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটের কাছাকাছি রাশিয়ার সামরিক মহাকাশযানের সন্দেহজনক গতিবিধি নতুন করে হামলার আশঙ্কা তৈরি করেছে। বিশেষজ্ঞদের ধারণা, পশ্চিমা স্যাটেলাইটে আক্রমণের সক্ষমতা যাচাই কিংবা সম্ভাব্য হামলার মহড়া চালাতে পারে মস্কো। বিশেষ করে ইউক্রেনকে সামরিক ও কৌশলগত তথ্য দিয়ে সহায়তা করা বাণিজ্যিক স্যাটেলাইট নেটওয়ার্কগুলো রাশিয়ার পাল্টা আক্রমণের লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে।
গত অক্টোবরের মাঝামাঝি সময়ে রাশিয়ার একটি সামরিক স্যাটেলাইট বিপজ্জনকভাবে কাছে চলে গিয়েছিল পশ্চিমা একটি বাণিজ্যিক স্যাটেলাইটের। ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মহাকাশ বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নিম্ন পৃথিবী কক্ষপথে বাণিজ্যিক স্যাটেলাইটের এত কাছে রুশ সামরিক মহাকাশযানের অবস্থান নেওয়া অত্যন্ত আগ্রাসী পদক্ষেপ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সামরিক স্যাটেলাইট কসমস ২৬১২ গত অক্টোবরের মাঝামাঝি সময়ে এক্স৩৬ নামের একটি বাণিজ্যিক স্যাটেলাইটের মাত্র কয়েকশ মিটার থেকে এক কিলোমিটারের মধ্যে চলে এসেছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি টমাস ডিনানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, রুশ স্যাটেলাইটটির এ অবস্থান ছিল পরিকল্পিত এবং তা কক্ষপথে অস্ত্র পরিচালনার কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এক্স৩৬ স্যাটেলাইটটি পরিচালনা করে আইসিইওয়াইই ইউএস। এটি ফিনল্যান্ডভিত্তিক আইসিইওয়াইই প্রতিষ্ঠানের একটি অঙ্গপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইউক্রেনসহ বিভিন্ন পশ্চিমা দেশের সরকার ও সামরিক বাহিনীকে রাডারচিত্র সরবরাহ করে। ফলে স্যাটেলাইটটির ওপর সম্ভাব্য হামলা হলে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও সামরিক তথ্যপ্রাপ্তি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক মহাকাশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠান ইন্টিগ্রিটি আইএসআরের জ্যেষ্ঠ মহাকাশ বিশ্লেষক গ্রেগ গিলিংগার এ ঘটনাকে সম্ভাব্য হামলার মহড়া বলে মনে করেন। তাঁর ভাষায়, অন্য দেশের স্যাটেলাইটকে এভাবে হুমকির মুখে ফেলা রাশিয়ার সবচেয়ে আগ্রাসী পদক্ষেপগুলোর একটি।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। তবে ইউক্রেনকে সহায়তাকারী পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটগুলো রাশিয়ার পাল্টা আক্রমণের বৈধ লক্ষ্যবস্তু হতে পারে বলে এর আগেও একাধিকবার সতর্ক করেছে মস্কো।
আইসিইওয়াইই ইউএসের প্রধান অ্যান স্টিভেন্স জানিয়েছেন, এক্স৩৬ স্যাটেলাইটটি স্বাভাবিকভাবেই কাজ করছে। যেকোনো সাময়িক বিঘ্ন মোকাবিলায় তাঁদের রাডারচিত্র সংগ্রহকারী স্যাটেলাইট নেটওয়ার্ক প্রস্তুত রয়েছে।
এক্স৩৭-এর দিকেও রুশ স্যাটেলাইটের গতিবিধি: বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, রাশিয়ার মহাকাশযানের এমন তৎপরতা গত কয়েক মাস ধরেই চলছে। গত মে মাসে রাশিয়ার চারটি সামরিক স্যাটেলাইটকে আইসিইওয়াইইয়ের এক্স৩৬-এর কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছিল। সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাফাল মোদ্রজেভস্কি জানান, রুশ স্যাটেলাইটের গতিবিধির কারণে তাঁদের নিজস্ব স্যাটেলাইটটির অবস্থান পরিবর্তন করতে হয়েছিল। এরপরও রাশিয়ার পক্ষ থেকে নতুন কৌশলগত তৎপরতা দেখা যায়।
মহাকাশ বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, অক্টোবরের শুরুতে কসমস ২৬১২ নিজেকে এক্স৩৬-এর কয়েকশ কিলোমিটার পেছনে নিয়ে যায়। এরপর কয়েক দিনের মধ্যে দ্রুত দূরত্ব কমিয়ে অক্টোবরের মাঝামাঝি সময়ে সেটির এক কিলোমিটারের মধ্যে চলে আসে। কোনো কোনো বিশ্লেষকের হিসাবে, দুই মহাকাশযানের মধ্যকার দূরত্ব ছিল কয়েকশ মিটার বা তারও কম। পরে কসমস ২৬১২ প্রায় ৪০০ কিলোমিটার দূরে সরে যায়।
তবে উদ্বেগের বিষয়, একই সিরিজের আরো দুটি রুশ সামরিক স্যাটেলাইট এখন আইসিইওয়াইইয়ের আরেকটি মহাকাশযান এক্স৩৭-এর কক্ষপথের দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কমসপকও জানিয়েছে, রুশ স্যাটেলাইট দুটি এক্স৩৭-এর কাছাকাছি যাওয়ার উপযুক্ত অবস্থানে পৌঁছাচ্ছে। সরকারি মহাকাশযান নিবন্ধন তালিকা অনুযায়ী, এক্স৩৬ ও এক্স৩৭ উভয়ই যুক্তরাষ্ট্রে নিবন্ধিত।
জার্মানির মহাকাশ কমান্ডের প্রধান মেজর জেনারেল মাইকেল ট্রাউট বলেছেন, কসমস ২৬১২-এর মতো কাছাকাছি যাওয়ার কৌশল মহাকাশযানের যান্ত্রিক সক্ষমতার ওপর নির্ভর করে পরিদর্শন, নজরদারি কিংবা সংকেতে হস্তক্ষেপের কাজে ব্যবহার করা যেতে পারে। এমনকি কোনো স্যাটেলাইটের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া কিংবা সেটিকে স্থায়ীভাবে ধ্বংস করার ঝুঁকিও রয়েছে।
তবে এ ধরনের কৌশলগত অবস্থান নেওয়ার অর্থ এই নয় যে রাশিয়া নিশ্চিতভাবেই হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ট্রাউটের মতে, প্রকাশ্যে পাওয়া কক্ষপথসংক্রান্ত তথ্য দিয়ে রাশিয়ার প্রকৃত উদ্দেশ্য নিশ্চিত হওয়া সম্ভব নয়। সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় রেখেই ঝুঁকি মূল্যায়ন করতে হবে।
মহাকাশেও সামরিক প্রতিযোগিতা বাড়ছে: বিশ্বের প্রধান সামরিক শক্তিগুলো এখন মহাকাশে সম্ভাব্য সংঘাতের বিষয়টি মাথায় রেখে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। ওয়াশিংটন সম্প্রতি কক্ষপথে অস্ত্র মোতায়েনের কথা জানিয়েছে। অন্যদিকে, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মহাকাশ কমান্ডের প্রধান অভিযোগ করেছিলেন, মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ স্যাটেলাইটগুলোর কাছাকাছি রাশিয়া ইতিমধ্যে নিজস্ব মহাকাশ অস্ত্র মোতায়েন করেছে।
যুক্তরাজ্যের বিমানবাহিনীর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও মহাকাশবিষয়ক পরামর্শক অ্যান্ড্রু টার্নার মনে করেন, এক্স৩৬-এর কাছে রাশিয়ার এ ধরনের তৎপরতা ইচ্ছাকৃত হামলা কিংবা দুর্ঘটনাজনিত সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধে বাণিজ্যিক স্যাটেলাইটের গুরুত্ব দ্রুত বাড়ছে। যোগাযোগ, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও সামরিক পরিকল্পনায় এসব স্যাটেলাইটের ওপর নির্ভরতা বাড়ায় সেগুলো এখন সম্ভাব্য সংঘাতের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। ফলে মহাকাশে সামরিক প্রতিযোগিতা শুধু রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশযানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; বাণিজ্যিক স্যাটেলাইট নেটওয়ার্কের নিরাপত্তাও আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হয়ে উঠছে। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/১৩/১১/২০২৬