গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উপযুক্ত সময়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৫ এএম ২০২৬
উপযুক্ত সময়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির
ছবি

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর ভারত সফর, মার্কিন উড়োজাহাজ কেনা নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির -ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ভিত্তিতে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দুই দেশের প্রধানমন্ত্রীর সময় ও উপস্থিতির ওপর নির্ভর করে সফরের তারিখ চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ভারতীয় উদ্যোগকে ইতিবাচক দেখছে ঢাকা: আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কযুক্ত বক্তাদের নিয়ে গত ২৯ আগস্ট দিল্লিতে একটি আন্তর্জাতিক আলোচনা সভা আয়োজনের অনুমতি ভারতীয় পুলিশ না দেওয়ার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ বিষয়টিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ আশ্রয় দেবে না। একইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন দিল্লি বা ভারতের কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়, সেটিও বাংলাদেশের প্রত্যাশা।

তিনি বলেন, ভারত সরকারের নেওয়া ওই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে সদিচ্ছা তৈরির পথ সুগম করে। তবে এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বাংলাদেশ।

সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: প্রধানমন্ত্রীর দিল্লি সফর এবং ব্রিকস সম্মেলনে তাঁর অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে উপযুক্ত সময়ে অবশ্যই সফরটি হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ সময়ের আগে সফর হওয়ার সম্ভাবনা নেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো তারিখ নির্ধারণ না করার অর্থ এই নয় যে দুই দেশের আলোচনা থেমে আছে। আলোচনা চলমান রয়েছে। তবে আলোচনার মধ্যে ৫ আগস্টের মতো একটি ঘটনা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছিল এবং বিষয়টি বাংলাদেশ অত্যন্ত স্পষ্টভাবে ভারতের কাছে তুলে ধরেছে।

যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনা প্রয়োজনের তাগিদে: যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো চাপের কারণে এসব উড়োজাহাজ কেনা হচ্ছে না। এভিয়েশন খাতের প্রয়োজন ও দেশের বিমানের বহরের সক্ষমতা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিমানের বহরের সক্ষমতা না বাড়ালে নতুন আন্তর্জাতিক রুট চালু করা সম্ভব হবে না এবং ব্যবসাও হারাতে হবে। বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে এবং রাজস্ব ও যাত্রীসংখ্যা বাড়াতে দীর্ঘ মেয়াদে উড়োজাহাজ কিনতেই হবে।

উড়োজাহাজ কেনার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, আগামী ১০ থেকে ১৫ বছরে বাংলাদেশের ৭০ থেকে ৮০টি বা তারও বেশি উড়োজাহাজের প্রয়োজন হতে পারে। প্রয়োজন অনুযায়ী নীতিগতভাবে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে ভারসাম্যের নীতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওয়াশিংটনের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। একইভাবে বেইজিংয়ের সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে। বৈদেশিক সম্পর্কে একটি চমৎকার ভারসাম্য বজায় রেখেই সরকার এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়ানো হবে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও আরো উড়োজাহাজ কেনা হবে।
সানা/আপ্র/১/৯/২০২৬ 
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই