গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান চান রাষ্ট্রপতি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৬ এএম ২০২৬
ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান চান রাষ্ট্রপতি
ছবি

মঙ্গলবার সকালে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন -ছবি পিআইডি

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরো শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টনে কার্যকর ব্যবস্থা নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। একই সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনও জানিয়েছে, বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও জনগণের মধ্যে যোগাযোগের বিষয় গুরুত্ব পেয়েছে। দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরো জোরদারের প্রয়োজনীয়তার ওপর উভয় পক্ষ গুরুত্ব দিয়েছে।

রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর ন্যায়সঙ্গত ও উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরো বাড়বে। তিনি বলেন, নিকটতম প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়।

সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ ও মর্যাদা এবং জনগণের কল্যাণকে সমুন্নত রেখে ভারতের সঙ্গে সম্মানজনক, ভবিষ্যতমুখী, পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও লাভজনক অংশীদারত্ব গড়ে তুলতে বাংলাদেশ আগ্রহী বলেও জানান রাষ্ট্রপতি।

অভিন্ন নদ-নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে তিনি গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টনে কার্যকর ব্যবস্থা নিতে ভারতের প্রতি আহ্বান জানান।

পানি বণ্টনের এই প্রসঙ্গটি বর্তমানে দুই দেশের সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ। ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। বাংলাদেশের যৌথ নদী কমিশনের তথ্য অনুযায়ী, ৩০ বছর মেয়াদি ওই চুক্তি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর সই হয় এবং ১৯৯৭ সাল থেকে প্রতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এর আওতায় গঙ্গার পানি বণ্টন হয়ে আসছে।

চুক্তির নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে প্রস্তুতি ও কারিগরি পর্যায়ে আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, গঙ্গা পানি বণ্টনসহ নদীসংক্রান্ত বিষয়গুলো দুই দেশের যৌথ নদী কমিশনের কাঠামোর মধ্যেই আলোচনা করা হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশও চুক্তিটি নবায়নের বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে।

রাষ্ট্রপতির আহ্বানের জবাবে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, এ বিষয়ে তার সরকারের পক্ষ থেকে ইতিবাচক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় বলেও তিনি উল্লেখ করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের পারস্পরিক মর্যাদা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরো দৃঢ়, উন্নত ও শক্তিশালী করতে ভারত আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো সম্প্রসারণে ভারতের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ভারতের হাইকমিশনার। একই সঙ্গে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য হাইকমিশনারকে অনুরোধ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি। দুই দেশ একসঙ্গে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী এবং তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। জবাবে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, হাইকমিশনারের দায়িত্ব পালনের সময় দুই দেশের সম্পর্ক আরো ফলপ্রসূ, ইতিবাচক ও জনকল্যাণমুখী হবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৮/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই