গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজধানীতে পৃথক স্থানে পাঁচ অজ্ঞাত লাশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৭ এএম ২০২৬
রাজধানীতে পৃথক স্থানে পাঁচ অজ্ঞাত লাশ
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীতে পৃথক স্থান থেকে এক নারীসহ পাঁচ অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) এসব মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের কারও পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

যাত্রাবাড়ী থানার শনির আখড়া ইউটার্ন এলাকায় আরাফ কার ওয়াশের পাশে রাস্তা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. আসাদুজ্জামান জুয়েল জানান, স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন এবং ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থ অবস্থায় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে মরদেহ উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

মতিঝিলে নটর ডেম কলেজের বিপরীত পাশের সড়ক থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন নাসির নামে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি। সোমবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারকারী নাসিরের ধারণা, অসুস্থতা ও না খেয়ে থাকার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

শাহবাগ থানার আওতাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। কে বা কারা তাঁকে সেখানে রেখে গেছে, নাকি তিনি নিজেই সেখানে পড়ে ছিলেন, তা জানা যায়নি। পরে হাসপাতালের কর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী।

এদিকে কামরাঙ্গীচর থানার জাউয়াহাটি এলাকা থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। থানার উপপরিদর্শক প্রাণেশ্বর দাস জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন এবং স্থানীয়রা তাঁকে চিনলেও তাঁর পরিচয় জানতেন না। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

অন্যদিকে শাহবাগ থানার আওতাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মোড়ের ফুটপাত থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক বিজয় মন্ডল জানান, সোমবার বিকেলে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর পরিচয়ও এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে তাঁকে ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, পাঁচজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সানা/আপ্র/১৪/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন- জোরালো প্রতিবাদ
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন- জোরালো প্রতিবাদ

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় পাকিস্তানের প্...

ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার

বাংলাদেশ ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক নয়, বরং দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সমমর্যাদার ভি...

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ
১৪ সেপ্টেম্বর ২০২৬

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ

একেএম ফজলুল হক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনা...

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট হবে সাত ধাপে
১৪ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট হবে সাত ধাপে

সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই