গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ একই পরিবারের তিনজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে চেরাগ আলী মার্কেটসংলগ্ন পশ্চিমপাড়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ তিনজনের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬০), তানিষা (১৬) ও নাসিমা (৫০)। তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, লালচান পেশায় চাকরিজীবী। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তানিষা শিক্ষার্থী। তাঁর শরীরের ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে হাসপাতালের নারী উচ্চনির্ভরতা ইউনিটে রাখা হয়েছে। অন্যদিকে, চাকরিজীবী নাসিমার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে। তিনিও জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, দগ্ধ তিনজনের শরীরের সিংহভাগ পুড়ে যাওয়ায় তাঁদের অবস্থা অত্যন্ত সংকটজনক। চিকিৎসকেরা তাঁদের বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে জমে ছিল। পরে সেই গ্যাসে আগুন ধরে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
সানা/আপ্র/২১/১০/২০২৬