গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

দরিদ্র পরিবার শনাক্তে সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৯ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:৫৩ এএম ২০২৬
দরিদ্র পরিবার শনাক্তে সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার
ছবি

ছবি সংগৃহীত

দেশের দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে পরিবারভিত্তিক সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তুলছে সরকার। পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে প্রকৃত দরিদ্রদের শনাক্ত করা এবং তাঁদের ফ্যামিলি কার্ডের আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ফ্যামিলি কার্ডকে ধীরে ধীরে সমন্বিত সামাজিক নিবন্ধন ও অর্থপ্রদানের ব্যবস্থায় রূপ দেওয়া হবে। এর মাধ্যমে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে একই তথ্যভিত্তি ব্যবহার, উপকারভোগী নির্বাচন আরও নির্ভুল করা এবং সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

চলতি বছর পরীক্ষামূলক পর্যায়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৭০ হাজার ৮৬১টি পরিবার আর্থিক সহায়তা পেয়েছে। পাইলট কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২৬-২৭ অর্থবছরে নতুন করে ৪১ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত ১০ অক্টোবর থেকে সারা দেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ ও কর্মসূচি সম্প্রসারণের কার্যক্রম শুরু হয়েছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য তথ্যের ভিত্তিতে প্রকৃত দরিদ্র ও অসচ্ছল পরিবারকে চিহ্নিত করা। সামাজিক নিরাপত্তার সুবিধা যাতে যোগ্য পরিবারগুলোর কাছে পৌঁছায় এবং সহায়তা থেকে বাদ পড়া প্রকৃত দরিদ্র পরিবারগুলোকেও শনাক্ত করা যায়, সে লক্ষ্যেই উদ্যোগটি নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, পরিবারের আয়, সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও জীবিকার তথ্য বিবেচনায় নিয়ে উপকারভোগী নির্বাচন করা হবে। পরিবারের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্যভাণ্ডার নিয়মিত হালনাগাদ করা হবে।

পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ

পরিকল্পনা অনুযায়ী, পরিবারের সদস্যসংখ্যা, আয়, সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান ও জীবিকার তথ্য সংগ্রহ করে একটি গতিশীল সামাজিক নিবন্ধনভাণ্ডার তৈরি করা হবে। এসব তথ্য বিশ্লেষণ করে পরিবারের আর্থিক সক্ষমতা ও দারিদ্র্যের মাত্রা নির্ধারণের মাধ্যমে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, ফ্যামিলি কার্ডকে শুধু ভাতা বিতরণের কর্মসূচি হিসেবে দেখলে হবে না। এটিকে একটি সমন্বিত সামাজিক নিবন্ধনব্যবস্থা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে একই তথ্যভিত্তি ব্যবহার করা সম্ভব হবে।

তিনি বলেন, তথ্য একবার সংগ্রহ করে স্থির রাখা হবে না। পরিবারের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তা নিয়মিত হালনাগাদ করা হবে।

ফ্যামিলি কার্ডের জন্য সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহকারীরা ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে পরিবারের সদস্য ও আর্থসামাজিক অবস্থার বিভিন্ন তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করবেন। ইন্টারনেট সংযোগ না থাকলেও অফলাইনে তথ্য সংগ্রহ করা যাবে। পরে নেটওয়ার্ক পাওয়া গেলে সংগৃহীত তথ্য কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে পাঠানো হবে।

মাঠপর্যায়ের কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকায় গিয়ে কাজ করছেন কি না, তা অবস্থানভিত্তিক প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহ্বুব বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে মাঠপর্যায়ের নির্ভুলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সংগৃহীত তথ্য যাচাইয়ের ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, পরীক্ষামূলক কার্যক্রম থেকে বাস্তব কিছু সমস্যা চিহ্নিত হয়েছে। জাতীয় পর্যায়ে কার্যক্রম শুরুর আগে এসব সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপকারভোগী নির্বাচনে গুরুত্ব পাবে প্রকৃত আর্থিক অবস্থা

ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সুপারিশের পরিবর্তে পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থাকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা রয়েছে। মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের পর পরিবারের আয়, সম্পদ, জীবনযাত্রা ও অন্যান্য সূচকের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা হবে।

প্রকৃত দরিদ্র পরিবার শনাক্ত করতে সম্পদ ও আর্থিক সক্ষমতা যাচাই পদ্ধতি বা পিএমটি ব্যবহার করা হচ্ছে। এ পদ্ধতিতে পরিবারের আয়-ব্যয়, সম্পদ, বাসস্থান ও জীবনযাত্রার বিভিন্ন সূচকের ভিত্তিতে একটি স্কোর নির্ধারণ করা হবে।

পরীক্ষামূলক কার্যক্রমে ভাতা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের তথ্যে ভুল, নিজের নামে মোবাইল নম্বর না থাকা এবং ব্যাংক বা মোবাইল আর্থিক হিসাবসংক্রান্ত কিছু সমস্যা চিহ্নিত হয়েছে। জাতীয় পর্যায়ে কর্মসূচি সম্প্রসারণের আগে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরাসরি অর্থ পৌঁছানোর পরিকল্পনা

সরকার ফ্যামিলি কার্ডকে ভবিষ্যতে শুধু ভাতা গ্রহণের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ রাখতে চায় না। ব্যাংক ও ডিজিটাল আর্থিক সেবার সঙ্গে কার্ড ব্যবস্থাকে যুক্ত করে সরকারি অর্থ সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমার পাশাপাশি অর্থপ্রদানে স্বচ্ছতা বাড়বে বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া সহায়তা পরিবারের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান ও জীবিকার ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলছে, তা মূল্যায়নের পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে প্রভাব সমীক্ষার মাধ্যমে কর্মসূচির কার্যকারিতা পর্যালোচনা করা হবে।

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মতে, পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে কর্মসূচিটি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে সামাজিক নিরাপত্তাব্যবস্থায় উপকারভোগী শনাক্তকরণ, তথ্য ব্যবস্থাপনা ও অর্থপ্রদানে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে পরিবারভিত্তিক সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে উঠলে ভবিষ্যতে সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি আরও সুনির্দিষ্টভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এসি/আপ্র/২৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন
২৬ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফ...

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি
২৬ অক্টোবর ২০২৬

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি

প্রয়োজনে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসে...

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ রাজউকের ১,৪১৩ প্লট, তদন্তে ১,০৭৪টি
২৬ অক্টোবর ২০২৬

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ রাজউকের ১,৪১৩ প্লট, তদন্তে ১,০৭৪টি

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানীর অভিজাত ও গুরুত্বপূর্ণ আবাসিক এলাকাগুলোতে রাজনৈতিক বিবেচনায় বরাদ্...

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ছয়জন কারাগারে
২৬ অক্টোবর ২০২৬

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ছয়জন কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেল কেনাবেচার এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে