গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুবাইপ্রবাসী আহম্মেদ আলীর মরদেহ সিলেটে

মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ গেল চার বাংলাদেশির

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭ পিএম, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৫৮ এএম ২০২৬
মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ গেল চার বাংলাদেশির
ছবি

নিহতদের মধ্যে দুবাইপ্রবাসী আহম্মেদ আলীর মরদেহ সোমবার দেশে আনা হয়েছে -ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিহতদের মধ্যে একজন দুবাই, একজন বাহারাইন এবং দুইজন সৌদি আরবে মারা গেছেন। নিহতদের মধ্যে দুবাইপ্রবাসী আহম্মেদ আলীর মরদেহ সোমবার দেশে আনা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ে হামলায় নিহত আহম্মেদ আলীর মরদেহ গ্রহণকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, পর্যায়ক্রমে নিহত অন্য বাংলাদেশিদের মরদেহও দেশে আনার ব্যবস্থা করা হবে। মন্ত্রী জানান, সংঘাতে আহত বাংলাদেশিরা সংশ্লিষ্ট দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরকার তাদের খোঁজখবর রাখছে এবং পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। প্রবাসীদের পাশে সরকার সব সময় আছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, নিহত আহম্মেদ আলীর মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং সরকারের পক্ষ থেকে পরিবারকে সহায়তা দেওয়া হবে।
এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কফিনবন্দি মরদেহ সিলেটে পৌঁছায়। প্রথমে দুবাই থেকে মরদেহ ঢাকায় আনা হয়, পরে সেখান থেকে বিমানে করে সিলেটে নেওয়া হয়। মরদেহ গ্রহণের পর নিহতের চাচাতো ভাই কামাল আহমেদ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্ঘটনার পর থেকেই সরকারের পক্ষ থেকে পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। তিনি দাবি জানান, আহম্মেদ আলীকে শহীদের মর্যাদা দেওয়া হোক।

এদিকে মন্ত্রী সাংবাদিকদের জানান, সংঘাত শুরুর পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সংকট মোকাবিলা দল গঠন করা হয়েছে। এই দলের মাধ্যমে সংঘাতপূর্ণ এলাকায় আটকে পড়া প্রবাসীদের খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির আশপাশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে সংশ্লিষ্ট দেশে থাকা বাংলাদেশ দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে প্রয়োজন অনুযায়ী আরো ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীদের সুরক্ষায় যা যা করা দরকার, সরকার তা করবে।
মন্ত্রী আরো জানান, লেবাননে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদেরও বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিহত আহম্মেদ আলীর স্বজন কামাল আহমেদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার ভাই দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং দেশের জন্য অবদান রেখেছেন। মরদেহ দেশে আনা পর্যন্ত সরকার যেভাবে সহযোগিতা করেছে, তার জন্য পরিবার কৃতজ্ঞ।

মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে নিহতের সন্তান আব্দুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ উপমহাপরিদর্শক মো. মুশফেকুর রহমান, মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি দুবাইয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আহম্মেদ আলী। প্রায় ৩৫ বছর ধরে তিনি সেখানে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। পাসপোর্টে তার নাম আহম্মেদ আলী হলেও নিজ এলাকায় তিনি সালেহ আহমদ নামে পরিচিত। পরে মন্ত্রী মরদেহ নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
সানা/আপ্র/৯/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই