গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

আসাদুজ্জামান কামালকে ফেরাতে দিল্লিকে চিঠি দিলো ঢাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:১৪ এএম ২০২৬
আসাদুজ্জামান কামালকে ফেরাতে দিল্লিকে চিঠি দিলো ঢাকা
ছবি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম -ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিল্লিতে পাঠানো ওই চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপিও যুক্ত করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাজধানীর রমনায় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও পাঠানো হয়েছে।”

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে এটি দ্বিতীয় দফার চিঠি কি না-এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আইনের মাধ্যমে তাঁর বিচার হচ্ছে। তিনি যেহেতু পলাতক আসামি, তাঁকে ফিরিয়ে আনার জন্য যে চিঠি দেওয়ার প্রয়োজন, সেটিই আমরা দিয়েছি।”

শামা ওবায়েদ বলেন, দুই দেশের মধ্যে প্রচলিত কূটনৈতিক রীতি, প্রটোকল এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, “কূটনীতির যে নিয়ম ও প্রটোকল আছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে। ঠিক যেভাবে শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিচার হবে।”

এর আগে ২০২৫ সালের নভেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছিল বাংলাদেশ।

এবারের চিঠিটি শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই পাঠানো হয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, “চিঠি সম্প্রতি গেছে এবং এটা শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, যেসব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন, তাদের বিষয়ে আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে। কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সেই কাজ এগিয়ে নেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থান দমনের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বাংলাদেশে তাঁদের সম্পদ রাষ্ট্রের অনুকূলে জব্দের নির্দেশ দেওয়া হয়। 
মামলায় আনা পাঁচটি অভিযোগের মধ্যে চতুর্থ অভিযোগে রাজধানীর চাঁনখারপুল এলাকায় ছয়জনকে হত্যা এবং পঞ্চম অভিযোগে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল-মামুনকে দোষী সাব্যস্ত করা হয়।

অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকা আবদুল্লাহ আল-মামুন পরে দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় তাঁকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড।

আসাদুজ্জামান খান কামালসহ অন্যান্য পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের ইতিবাচক সাড়া প্রত্যাশা করছেন জানিয়ে শামা ওবায়েদ বলেন, “আমরা আশা করব, ভারত ইতিবাচক জবাব দেবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার লক্ষ্যে তারা তাদের দায়িত্ব পালন করবে।”

ভারতে অবস্থানরত অন্য পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, সাধারণত প্রত্যেক আসামির জন্য পৃথকভাবে চিঠি পাঠানো হয়।

তিনি বলেন, “যারা আসামি, যারা পলাতক আছে, তাদের ফিরিয়ে আনার জন্য যেসব চিঠি দেওয়ার প্রয়োজন, আমরা চিঠি দিচ্ছি।”
সানা/আপ্র/২০/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
২৮ জুলাই ২০২৬

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন

বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার)...

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনো চূড়ান্ত নয়
২৮ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনো চূড়ান্ত নয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের দিনক্...

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান
২৮ জুলাই ২০২৬

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান

জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিতের মাধ্যমে হেপ...

রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীকে এলোপাতাড়ি গুলি
২৮ জুলাই ২০২৬

রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীকে এলোপাতাড়ি গুলি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে আব্দুল করিম (১৮) নামে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই