গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিলেট ও বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:১৪ এএম ২০২৬
সিলেট ও বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮
ছবি

বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত স্বজনদের আহাজারি -ছবি সংগৃহীত

সিলেট ও বগুড়ায় পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোর থেকে সকাল পর্যন্ত ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৬ জন। এর মধ্যে সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন এবং বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো বাস শ্রমিকদের ওপর উঠে গেলে ৭ জন নিহত হন। এরপর একই সড়কে বিকেলে আরেক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন।

তিনটি দুর্ঘটনাই জাতীয় মহাসড়কে ঘটেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়।

সিলেট হাইওয়ে পুলিশের সুপার মো. রেজাউল করিম জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন সিলেট নগরের সোবহানীঘাট এলাকার সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের মেয়ে শিশু জাইফা (৩) এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরের হাজী সাইফুল ইসলাম (৫০)। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে একই দিন ভোরে বগুড়ার শাজাহানপুর উপজেলার এরুলিয়া সিলকিবান্ধা এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেখানে নিয়ন্ত্রণ হারানো শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে সাতজন নিহত হন। আহত হন অন্তত ১৪ জন।

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের চাপা দেয়।

নিহতদের মধ্যে রয়েছেন তাজিমুল (৪৭), বেল্লাল হোসেন, আবু সাঈদ (৪৫), আনারুল (৫৫), আমিরুল (৪০), নূর আলম (৪৫) ও নূর মোহাম্মদ (৭৬)। তাদের অধিকাংশই ছিলেন দিনমজুর ও কৃষিশ্রমিক। ভোরে কাজের সন্ধানে তারা এরুলিয়ার কামলার হাটে জড়ো হয়েছিলেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের দাবি, ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই দ্রুত স্থায়ী গতিরোধক নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। পরে প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়।

বগুড়া সদর থানার এএসআই শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন এবং পরে হাসপাতালে আরো চারজন মারা যান। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুটি দুর্ঘটনার পরই মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
 

৭ জনের প্রাণহানির পর একই সড়কে ফের দুর্ঘটনা, দম্পতি নিহত: বগুড়া সদর উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে একই সড়কে আরেকটি দুর্ঘটনা ঘটেছে। এবার প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আট বছরের নাতি আহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বিমানবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বগুড়া সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান।

নিহতরা হলেন- বগুড়া শহরের আটাপাড়া এলাকার ব্যবসায়ী বাবুল হাসান (৫৫) ও তার স্ত্রী জেসমিন বিবি (৪৭)। আহত জুলকার নাঈন (৮) বাবুল হাসানের বড় ছেলে রেজাউল করিম রেজার ছেলে।

পুলিশ জানায়, বাবুল হাসান স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে কাহালু উপজেলায় বড় ছেলের বাসায় দাওয়াতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বাবুল হাসানের মৃত্যু হয়। আহত জেসমিন বিবি ও জুলকার নাঈনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জেসমিন বিবি মারা যান।

প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন মণ্ডল বলেন, মোটরসাইকেলটি রাস্তার একেবারে বাম পাশে ছিল। এরপরও বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এসআই মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কার ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। এদিন ভোরে একই সড়কের এরুলিয়া এলাকায় বাস দুর্ঘটনায় সাত দিনমজুর নিহত হন।
সানা/আপ্র/৭/৮/২০২৬
 

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই