প্রথমবারের মতো আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে জায়গা পেয়েছেন চামিন্দা ভাস ও অমিত মিশ্রা। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, লঙ্কান পেস বোলিং গ্রেট ও ভারতীয় লেগ স্পিনারকে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। গত জুনে ক্রিকইনফো জানিয়েছিল, প্রধান কোচ হিসেবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও ব্যাটিং কোচ হিসেবে ইউভরাজ সিংকে নিযুক্ত করেছে দিল্লি। তবে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোচিং স্টাফের বদল নিয়ে কিছুই জানানো হয়নি।
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আইপিএলের প্রথম তিন মৌসুমে ডেকান চার্জার্সের হয়ে খেলেন শ্রীলঙ্কার সফলতম পেসার ভাস। ভারতের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৩ ম্যাচে ১৮ উইকেট নেন তিনি। টেস্টে ৩৫৫ ও ওয়ানডেতে ৪০০ উইকেট আছে তার নামের পাশে। ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ৬ শিকার ধরেন বাঁহাতি এই পেসার। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যোগ দেন ভাস। কোচিংয়ে তার অভিজ্ঞতা মূলত আন্তর্জাতিক পর্যায়ে।
শ্রীলঙ্কা পুরুষ দলের সঙ্গে ২০১২ থেকে ২০১৫, ২০১৬-১৭ এবং সংক্ষিপ্ত সময়ের জন্য ২০২১ ও ২০২২ সালে কাজ করেছেন তিনি। ২০২১ সালে দায়িত্ব নেওয়ার দুই দিন পরই বেতন নিয়ে বিরোধের জেরে পদত্যাগ করেন তিনি। ৫২ বছর বয়সী ভাস কোচিং ক্যারিয়ার শুরু করেন নিউ জিল্যান্ড পুরুষ দলের পরামর্শক হিসেবে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের সঙ্গেও কাজ করেন তিনি।
জাতীয় দলের দায়িত্বের পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে পেস বোলিং পরামর্শক ও একাডেমির মেন্টর হিসেবেও বেশ কয়েক বছর কাজ করার অভিজ্ঞতা আছে ভাসের। তরুণ পেসারদের খুঁজে বের করা ও গড়ে তোলার কাজ করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ২০২৪ সালের জিম আফ্রো টি-১০ লিগে এনওয়াইএস লাগোসকে কোচিং করান ভাস। আর ২০২৬ সালের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ছিলেন ক্যান্ডি রয়্যালসের প্রধান কোচ। এবার দিল্লির বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন তিনি।
গত বছরের সেপ্টেম্বরে অবসর নেওয়া মিশ্রা এবার শুরু করবেন কোচিং ক্যারিয়ার। আইপিএলে চারটি দলের হয়ে খেলেছেন তিন- দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে ক্যাপিটালস), ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ ও লখনৌ সুপার জায়ান্টস। ৪২ বছর বয়সী মিশ্রা সবশেষ আইপিএল ম্যাচ খেলেছেন ২০২৪ সালে লখনৌয়ের হয়ে। ২০০৮ সালে নিজের প্রথম আইপিএল ম্যাচেই হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেন মিশ্র। আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি তিনটি হ্যাটট্রিক করা বোলার তিনিই।
২০২২ সাল ছাড়া ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত প্রতিটি মৌসুমেই আইপিএলে খেলেছেন এই স্পিনার। প্রতিযোগিতাটির সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দশম স্থানে আছেন তিনি; ১৬২ ম্যাচে তার উইকেট ১৭৪টি।
ভাস ও মিশ্রা এরই মধ্যে নিজেদের কাজ শুরু করেছেন বলে জানিয়েছে ক্রিকইনফো। বর্তমানে দিল্লিতে থেকে দিল্লি ক্যাপিটালসের একাডেমির খেলোয়াড়দের সঙ্গে কাজ করছেন তারা। ২০২৪ সালের আইপিএলের পর দিল্লি ক্যাপিটালসের দুই মালিক—জিএমআর স্পোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ও জিন্দাল সাউথ ওয়েস্ট (জেএসডব্লিউ) স্পোর্টসের মধ্যে হওয়া একটি সমঝোতার কারণে কোচিং স্টাফে এই পরিবর্তন এসেছে।
চুক্তি অনুযায়ী, দুই মালিক দুই বছর করে পালাক্রমে ফ্র্যাঞ্চাইজিটির কার্যক্রম নিয়ন্ত্রণ করবেন। ২০২৫ ও ২০২৬ মৌসুমের জন্য জিএমআর ভারতের সাবেক ব্যাটসম্যান ভেনুগোপাল রাওকে ক্রিকেট পরিচালক, সাবেক ব্যাটসম্যান হেমাঙ্গ বাদানিকে প্রধান কোচ এবং মুনাফ প্যাটেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল।
ডিসি/আপ্র/১৪/৯/২০২৬