ব্যাটাররাই ডুবিয়েছেন। ওয়ানডেতে মাত্র ১১০ রানে অলআউট হওয়ার পর আসলে লড়াই করার সুযোগ থাকে না। পাকিস্তান সেই লড়াইটা করতে পারেওনি। লাহোরে ১৮.১ ওভারেই রান তাড়া করে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা।
রান তাড়ায় ঝড়ো সূচনা করে শ্রীলঙ্কা। ৪১ বলে ৫০ রানের ওপেনিং জুটি গড়েন কামিন্দু মেন্ডিস আর আভিষ্কা ফার্নান্ডো। আভিষ্কা ১৬ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হন। কুশল মেন্ডিসকে ৮ রানে বোল্ড করেন আরাফাত মিনহাস। কিন্তু কামিন্দু আর পবন রথনায়েকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। কামিন্দু ৬০ বলে ৮ চার আর ২ ছক্কায় অপরাজিত থাকেন ৬২ রানে। রথনায়েকে করেন অপরাজিত ২৩।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আগের ম্যাচে ২৪৪ রান তাড়া করতে গিয়ে ১৫৪ রানে ৯ উইকেট হারিয়েছিল পাকিস্তান। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেই জায়গা থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পায় স্বাগতিক দল। এবারও ব্যাটিংটা ভোগালো।
লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা একাই নেন ৫টি উইকেট। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। ৬৪ রানে ৬ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
বাবর আজমের ২৯ রান ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি।ফখর জামান ৫, মাজ সাদাকাত ৮, সাদ বাইগ ৫, সালমান আগা ৯, হাসান নেওয়াজ ১৭, শাদাব খান ২, আরাফাত মিনহাস ১০ আর শাহিন শাহ আফ্রিদি করেন ১৫ রান।
ডিসি/আপ্র/২৭/১০/২০২৬