শুরুর ধাক্কা সামলে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেন আবদুল্লাহ আল মুহি ও ফরিদ হাসান। পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসে জুটিটা ভেঙে দিলেন রিজওয়ানউল্লাহ। এরপর একে একে তিনি নিলেন আরও চার উইকেট। তার তোপে অল্পেই গুঁড়িয়ে গেল বাংলাদেশ। অনায়াসে ম্যাচ জিতল পাকিস্তান।
যুব এশিয়া কাপের সেমি-ফাইনালে যেন গত ডিসেম্বরের পুনরাবৃত্তি করল পাকিস্তানের যুবারা। ওমানের আল আমেরাতে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে উড়িয়ে ৯ উইকেটে জিতল তারা। মাত্র ১৩৯ রানের লক্ষ্য ছুঁতে ২১.৫ ওভারের বেশি লাগেনি বর্তমান চ্যাম্পিয়নদের।
সব মিলিয়ে দুই ইনিংস মিলিয়ে খেলা হয় মোটে ৫৩.৩ ওভার। টুর্নামেন্টের গত আসরেও পাকিস্তানের কাছে হেরে থামে বাংলাদেশের শিরোপার অভিযান। বৃষ্টিতে ২৭ ওভারে নেমে আসা ১২২ রানে গুটিয়ে যায় তারা। পরে পাকিস্তান পায় ৮ উইকেটের জয়।
শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আবারও পাকিস্তানের বিপক্ষেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। আবদুল্লাহ আল মুহি ছাড়া কোনো ব্যাটসম্যান ন্যুনতম লড়াই করতে পারেননি। ৩০ রানে ৫ উইকেট নেন রিজওয়ানউল্লাহ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে মোহাম্মদ সায়ামের তোপে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে এসকে জারিফ সিয়াম কট বিহাইন্ড হন। ষষ্ঠ ওভারে বোল্ড হয়ে একই পথ ধরেন কাওসার আহমেদ। তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মুহি ও ফয়সাল।
রানের চাকা সচল রেখে খেলতে থাকেন দুজন। ১৩তম ওভারে আক্রমণে এসে তৃতীয় বলেই ফরিদকে স্লিপে ক্যাচ বানান রিজওয়ানউল্লাহ। অধিনায়কের বিদায়ে ভাঙে ৪৩ বলে ৪৩ রানের জুটি। পরের ওভারে আগের ম্যাচে ১৫২ রান করা সেঞ্চুরিয়ান আহসান আল মুমিনও ফিরলে বিপদে পড়ে যায় বাংলাদেশ।
অন্য প্রান্তে একার লড়াই চালিয়ে নেন মুহি। তবে দলের একশ হওয়ার আগেই তাকে থামান রিজওয়ানউল্লাহ। আগ্রাসী শট খেলতে গিয়ে কট বিহাইন্ড হন বাংলাদেশের ওপেনার।
৪ চার ও ২ ছক্কায় ৪৫ বলে ৫০ রান করেন মুহি। এরপর আল রাফি ও রাকিবুল হাসান চেষ্টা করেন হাল ধরতে। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তারা। দুজনকেই ফেরান রিজওয়ানউল্লাহ। রাফি ২০ ও রাকিবুল করেন ২৬ রান। রিজওয়ানউল্লাহর ৫ উইকেট ছাড়া সায়ামের শিকার ২টি।
পরে রান তাড়ায় শুরু থেকে দাপট দেখিয়ে খেলতে থাকেন পাকিস্তানের দুই ওপেনার উসমান খান ও হায়াম খান। নবম ওভারে পূর্ণ হয় দলের ও জুটির পঞ্চাশ রান। একই ছন্দে এগিয়ে ১৭ ওভারে ১০০ পূর্ণ করেন তারা।
জয়ের খুব কাছে গিয়ে রবিউল হাসান অনিকের বলে কট বিহাইন্ড হন হায়াম। ৮ চার ও ১ ছক্কায় ৭২ বলে তিনি খেলেন ৬৯ রানের ইনিংস।
দলকে জিতিয়েই মাঠ ছাড়েন আরেক ওপেনার উসমান। তার ব্যাট থেকে আসে ৭ চার ও ২ ছক্কায় ৫৪ বলে ৬৪ রান। টুর্নামেন্টের অন্য সেমি-ফাইনালে আফগানিস্তানের করা ২২৭ রানের জবাবে খেলছে ভারত। আগামী শনিবার হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৩১.৪ ওভারে ১৩৮ (মুহি ৫০, সিয়াম ১, কাওসার ৯, ফরিদ ১৭, মুমিন ১, রাফি ২০, রাকিবুল ২৬, অনিক ০, রিজন ০, আতিকুর ১, তামিম ২*; রাজা ৮-১-৩৬-১, সায়াম ৭-১-২৯-২, শফিক ২-০-১২-০, আব্বাস ৫-১-২২-১, রিজওয়ানুল্লাহ ৮-০-৩০-৫, হুসাইন ১.৪-০-৪-১)
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ২১.৫ ওভারে ১৪১/১ (উসমান ৬৪*, হায়াম ৬৯, কাদির ৮*; তামিম ৩-০-১২-০, আতিকুর ৪-০-৩৭-০, রিজন ১-০-৫-০, সিয়াম ৫-০-২৬-০, রাফি ২-০-৮-০, অনিক ৪-০-২২-১, রাকিবুল ২.৫-০-৩১-০)
ফল: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে জয়ী
ডিসি/আপ্র/১২/১১/২০২৬