গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:৫০ এএম ২০২৬
অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
ছবি

বিশ্বকাপের নকআউট ম্যাচে প্রথম গোল করে দলকে পথে ফিরিয়ে রোনালদোর ছুট -ছবি রয়টার্স

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগিয়ে যাওয়ার পরও স্বস্তিতে থাকতে পারেনি পর্তুগাল। অতিরিক্ত সময় পেরিয়ে আরও কয়েক মিনিট পর ক্রোয়েশিয়া সমতাসূচক গোলও পেয়ে যায়। কিন্তু দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে সেই গোল বাতিল হলে হৃদয়ভাঙা বিদায় নিশ্চিত হয় ক্রোয়াটদের। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে ২-১ গোলের জয় নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

কানাডার টরন্টো স্টেডিয়ামে শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচের প্রথমার্ধ ছিল তুলনামূলক নিস্তেজ। তবে বিরতির পরই বদলে যায় পুরো দৃশ্যপট। তিনটি গোল, চারটি বাতিল গোল, ভিএআরের একাধিক হস্তক্ষেপ এবং শেষ মুহূর্তের অবিশ্বাস্য নাটকীয়তায় বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ উপহার দেয় দুই দল।

প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে ছিল পর্তুগালের একচ্ছত্র আধিপত্য। ব্রুনো ফের্নান্দেস, রাফায়েল লেয়াও, জোয়াও কানসেলো ও রোনালদো একের পর এক আক্রমণ গড়লেও দুর্দান্ত গোলরক্ষণে ক্রোয়েশিয়াকে বাঁচিয়ে রাখেন দমিনিক লিভাকোভিচ। চতুর্থ মিনিটে ফের্নান্দেসের শট ফিরিয়ে দেন তিনি। পরে পেদ্রো নেতোর ক্রসে রোনালদো হেড করতে ব্যর্থ হন, রেনাতো ভাইগার হেড যায় ক্রসবারের ওপর দিয়ে। ৩০তম মিনিটে কানসেলোর ক্রস থেকেও গোলের দেখা মেলেনি। প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণে থেকেও ৯টি শটের মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে পর্তুগাল। অন্যদিকে, ক্রোয়েশিয়ার তিনটি শটের একটিও ছিল না লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পাল্টে যায় ক্রোয়েশিয়ার খেলার ধরন। ৫৩তম মিনিটে ইয়োসিপ স্তানিসিচের ক্রস প্রতিপক্ষের মাথায় লেগে দূরের পোস্টে পৌঁছালে সুযোগ লুফে নেন ইভান পেরিসিচ। অভিজ্ঞ এই উইঙ্গারের জোরালো শটে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

তিন মিনিট পর আবারও পর্তুগালের জালে বল পাঠায় ক্রোয়েশিয়া। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। এরপর ৬১তম মিনিটে কানসেলোর পাস থেকে রোনালদোও বল জালে পাঠিয়েছিলেন, কিন্তু অফসাইডের পতাকায় থেমে যায় তার উদযাপন।

৬৮তম মিনিটে ভিএআর পর্যালোচনার পর রেনাতো ভাইগাকে বক্সের মধ্যে ফেলে দেওয়ার অপরাধে পেনাল্টি দেয় রেফারি। স্পট কিক থেকে নির্ভুল শটে সমতা ফেরান রোনালদো। বিশ্বকাপের নকআউট পর্বে এটি তার প্রথম গোল, যা আসে ৯ ম্যাচ ও ৩১তম শটের পর।

সমতায় ফেরার পর ম্যাচের গতি আরও বেড়ে যায়। ৭৫তম মিনিটে মাতেও কোভাচিচের শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে আসে। পাঁচ মিনিট পর আবারও পর্তুগালের জালে বল জড়ায় ক্রোয়েশিয়া। কিন্তু অফসাইডের কারণে সেটিও বাতিল হয়।

৮১তম মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ রবার্তো মার্তিনেস। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায় থাকতেই যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রাফায়েল লেয়াওয়ের নিখুঁত ক্রসে দারুণ হেডে বল জালে পাঠান বদলি ফরোয়ার্ড গনসালো রামোস। তাতেই ২–১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

তবে নাটকের শেষ তখনও বাকি। নির্ধারিত ১০ মিনিট অতিরিক্ত সময় শেষ হওয়ার পরও খেলা চলতে থাকে। যোগ করা সময়ের ১৩তম মিনিটে ইভান পেরিসিচের ক্রস থেকে ইগর মাতানোভিচের স্পর্শ পেরিয়ে মারিও পাশালিচ বল বাড়িয়ে দিলে ইয়োশকো ভার্দিওল জালে বল পাঠান। সমতায় ফেরার উল্লাসে মেতে ওঠে পুরো ক্রোয়েশিয়া শিবির।

কিন্তু দীর্ঘ সময় ভিএআর পর্যালোচনার পর রেফারি মাঠের পাশের মনিটরে গিয়ে গোল বাতিলের সিদ্ধান্ত দেন। আক্রমণের শুরুতে পাশালিচ অফসাইডে ছিলেন বলে গোলটি গ্রহণযোগ্য হয়নি। মুহূর্তেই উল্লাস স্তব্ধ হয়ে যায় ক্রোয়াটদের। ক্ষুব্ধ সমর্থকদের কেউ কেউ গ্যালারি থেকে বোতলও নিক্ষেপ করেন। দীর্ঘ বিরতির পর খেলা আবার শুরু হয় এবং শেষ বাঁশি বাজতেই শেষ ষোলো নিশ্চিত করার উল্লাসে ফেটে পড়ে পর্তুগাল শিবির। ১০ মিনিটের অতিরিক্ত সময় শেষ হতে হতে গড়ায় ১৯ মিনিটে।

এই ম্যাচে ৪১ বছর ১৪৭ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হওয়ার কীর্তি গড়েন রোনালদো। অন্যদিকে, ৪০ বছর বয়সী লুকা মদরিচের জন্য এটি বিশ্বকাপে সম্ভাব্য শেষ ম্যাচ হয়ে থাকল। রেয়াল মাদ্রিদের সাবেক এই দুই সতীর্থই বিশ্বকাপের ইতিহাসে প্রথম ৪০ বা তার বেশি বয়সী দুই আউটফিল্ড খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে মুখোমুখি হলেন। শেষ পর্যন্ত হাসি ফুটল রোনালদোর মুখে, আর হৃদয়ভাঙা বিদায় নিতে হলো মদরিচ ও ক্রোয়েশিয়াকে।

শেষ ষোলোয় পর্তুগালের প্রতিপক্ষ স্পেন।
সানা/আপ্র/৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই