গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

কেপ ভার্দের রূপকথা থামিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:১৫ এএম ২০২৬
কেপ ভার্দের রূপকথা থামিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
ছবি

৩-২ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল -ছবি রয়টার্স

অবিশ্বাস্য এক লড়াইয়ের সাক্ষী হলো বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে আসা কেপ ভার্দে টানা ১২০ মিনিট বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চরম পরীক্ষায় ফেললেও শেষ পর্যন্ত অভিজ্ঞতা ৩-২ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।ও ভাগ্যের সহায়তায়

যুক্তরাষ্ট্রের মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে দুই দল আরও দুটি করে গোল করলে ম্যাচ গড়ায় নাটকীয়তার চূড়ায়। শেষ পর্যন্ত ১১১তম মিনিটে কেপ ভার্দের ডিনে বোর্হেসের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ মিশর।

ম্যাচের শুরুতে বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। তবে সংগঠিত রক্ষণে কেপ ভার্দে শুরু থেকেই প্রতিরোধ গড়ে তোলে। প্রথম ২৫ মিনিটে বিশ্বচ্যাম্পিয়নরা তেমন কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। একটি ফ্রি-কিক পেলেও লিওনেল মেসির শট সহজেই রুখে দেন গোলরক্ষক ভোজিনহা।

এরপরই আসে ম্যাচের প্রথম বড় মুহূর্ত। ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের লম্বা পাস দুর্দান্তভাবে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। দুরূহ কোণ থেকে নেওয়া বাঁ পায়ের নিখুঁত শটে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় সাতে। একই সঙ্গে বিশ্বকাপে ক্যারিয়ারের ২০তম গোল করে গড়েন অনন্য রেকর্ড—টানা আট বিশ্বকাপ ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হন তিনি।

তবে এগিয়ে যাওয়ার পরও স্বস্তিতে ছিল না আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষদিকে এনসো ফার্নান্দেজ ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও দুর্দান্ত সেভে দলকে বাঁচিয়ে রাখেন ভোজিনহা।

বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। আক্রমণে সাহসী হয়ে ওঠে কেপ ভার্দে। ৫৪তম মিনিটে এমিলিয়ানো মার্টিনেস দারুণ এক শট রুখে দেন। কিন্তু পাঁচ মিনিট পর আর রক্ষা হয়নি। রায়ান মেন্দেসের কাটব্যাক থেকে দুরূহ কোণ থেকে দারুণ শটে সমতা ফেরান দেরয় দুয়ার্তে। লিসান্দ্রো মার্তিনেসের ফাঁক গলে নেওয়া শট রুখে দেওয়ার সুযোগ ছিল না এমি মার্টিনেজের।

সমতায় ফেরার পর আর্জেন্টিনা আক্রমণের গতি বাড়ায়। স্কালোনি বেঞ্চ থেকে হুলিয়ান আলভারেজ, পারেদেস ও নিকোলাস গনসালেসকে নামান। মেসিও একের পর এক সুযোগ তৈরি করতে থাকেন। ৬২ মিনিটে তাঁর শট দারুণভাবে রুখে দেন ভোজিনহা। ৭২তম মিনিটে ফ্রি-কিকেও তিনি ছিলেন বাধা হয়ে। পুরো ম্যাচজুড়েই কেপ ভার্দের এই গোলরক্ষক ছিলেন দুর্ভেদ্য দেয়াল।

৮১তম মিনিটে এনসো ফার্নান্দেজ প্রায় গোল পেয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ঝুঁকিপূর্ণ ট্যাকেলে বল ক্লিয়ার করেন ডিফেন্ডার পিকো লোপেস। নির্ধারিত সময়ের শেষদিকে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডে হাত লাগার ঘটনায় পেনাল্টির দাবি জানালেও রেফারি তা দেননি। যোগ করা সময়েও মেসির ফ্রি-কিক বিপদে ফেললেও শেষ পর্যন্ত রক্ষা পায় কেপ ভার্দে।

৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শুরুতেই আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির কর্নার থেকে ম্যাক অ্যালিস্টারের ফ্লিক পেয়ে কাছের পোস্টে জোরালো ভলিতে গোল করেন লিসান্দ্রো মার্তিনেস। জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় গোল এবং বিশ্বকাপে প্রথম।

তবে কেপ ভার্দে হাল ছাড়েনি। ১০৩তম মিনিটে দুর্দান্ত এক একক নৈপুণ্যে গোল করেন সিডনি লোপেস কাবরাল। বাঁ দিক থেকে ভেতরে ঢুকে ডান পায়ের বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দেন তিনি। এমিলিয়ানো মার্টিনেজের কিছুই করার ছিল না।

ম্যাচ তখন টাইব্রেকারের দিকে এগোচ্ছে। কিন্তু ১১১তম মিনিটে ভাগ্য মুখ ফেরায় কেপ ভার্দের দিকে। মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেড ডিনে বোর্হেসের হাতে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়—আত্মঘাতী গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

গোল খেয়েও থামেনি কেপ ভার্দে। ১১৬তম মিনিটে সিডনি কাবরালের ফ্রি-কিক আঙুলের ডগায় ছুঁয়ে কর্নারে পাঠান এমিলিয়ানো মার্টিনেজ। ১১৯তম মিনিটে গিলসন বেঞ্চিমোলের নিশ্চিত গোল ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন তিনি। যোগ করা সময়ে পাল্টা আক্রমণে আলভারেজ সুযোগ পেলেও গোল বাড়াতে পারেনি আর্জেন্টিনা।

পরিসংখ্যানে ম্যাচে আর্জেন্টিনার আধিপত্য স্পষ্ট—৬০ শতাংশের বেশি বল দখল, ২২টি শটের মধ্যে ১০টি লক্ষ্যে। কেপ ভার্দে ১৬টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। তবে সংখ্যার বাইরে গিয়ে ম্যাচটি ছিল সম্পূর্ণ সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও স্বস্তির চেয়ে বেশি ছিল চাপ। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনাকে ৬৭তম স্থানে থাকা কেপ ভার্দে যেভাবে লড়াইয়ে টেনে নিয়ে যায়, তা বিশ্বকাপের অন্যতম স্মরণীয় নকআউট ম্যাচ হিসেবে জায়গা করে নেবে।

হারলেও মাথা উঁচু করে বিদায় নিয়েছে কেপ ভার্দে। প্রথমবার বিশ্বকাপে এসে তারা স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে নকআউটে উঠেছিল, আর শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদেরও ১২০ মিনিট ধরে কাঁপিয়ে দিয়েছে। ফুটবল বিশ্বে তারা রেখে গেল নতুন সম্ভাবনার এক শক্ত বার্তা।

শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর।
সানা/আপ্র/৪/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে মিশরের ঐতিহাসিক নকআউট জয়
০৪ জুলাই ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে মিশরের ঐতিহাসিক নকআউট জয়

অবশেষে ভাঙল ৯২ বছরের অপেক্ষা। বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল মিশর। যুক্তরাষ্ট্...

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই