গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মায়ের চিকিৎসার টাকা তুলতে না পেরে ব্যাংকের সামনে কান্না

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:৩৫ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:১৫ এএম ২০২৬
মায়ের চিকিৎসার টাকা তুলতে না পেরে ব্যাংকের সামনে কান্না
ছবি

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের হালিশহর জোনাল শাখায় বিক্ষোভ কর্মসূচি চলাকালে মায়ের চিকিৎসার জন্য ব্যাংকে রাখা টাকা তুলতে না পারার অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আমানতকারী মো. আলাউদ্দিন -ছবি সংগৃহীত

চট্টগ্রামে আমানতের টাকা ফেরত দেওয়ার দাবিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হালিশহর অফিসের সামনে বিক্ষোভ করেছেন প্রায় শতাধিক আমানতকারী। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কমিটি’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে টাকা তুলতে না পারাসহ বিভিন্ন সমস্যার অভিযোগ করেন তারা।

বিক্ষোভ চলাকালে মায়ের চিকিৎসার জন্য ব্যাংকে রাখা টাকা তুলতে না পারার অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আমানতকারী মো. আলাউদ্দিন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে আলাউদ্দিনকে ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে বলতে শোনা যায়, তাঁর মা অসুস্থ এবং চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন। তিনি নিজেও হৃদরোগী উল্লেখ করে দ্রুত টাকা দেওয়ার অনুরোধ করেন। এ সময় তিনি বলেন, মা মারা গেলে টাকা ফেরত দিয়ে কী হবে—এখনই তাঁর টাকা প্রয়োজন।

বিক্ষোভের সময় আরেক নারী আমানতকারীকেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। পরে ব্যাংক কর্মকর্তা ও আমানতকারী সংগঠনের নেতারা তাদের বুঝিয়ে শান্ত করেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, মো. আলাউদ্দিনের সারাজীবনের সঞ্চয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রবর্তক শাখায় এফডিআর করা। তাঁর মা অসুস্থ হয়ে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। মায়ের চিকিৎসার খরচ মেটাতে এর আগে কয়েকবার টাকা তোলার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, আলাউদ্দিন এমনকি তাঁর মায়ের চিকিৎসাধীন অবস্থার ভিডিও করে ব্যাংক কর্মকর্তাদের দেখিয়েছেন। তবে কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন, বিষয়টি ঢাকায় জানাতে হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত আসার পর টাকা দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে।

তিনি বলেন, আলাউদ্দিন তাঁদের সংগঠনের অর্থ সম্পাদক। সোমবারের কর্মসূচিতেও তিনি উপস্থিত ছিলেন। একপর্যায়ে মায়ের অসুস্থতার কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। আলাউদ্দিন নিজেও হৃদরোগী এবং তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছে। পরে সংগঠনের নেতারা তাঁকে বুঝিয়ে শান্ত করেন।

জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ব্যাংকের কর্মকর্তারা আলাউদ্দিনের বিষয়টি প্রবর্তক শাখার ব্যবস্থাপককে জানিয়েছেন। তবে ফোনে যোগাযোগ করা হলে ওই শাখার ব্যবস্থাপক জানান, এভাবে টাকা দেওয়া সম্ভব নয়। এ অবস্থায় মঙ্গলবার আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে প্রবর্তক শাখায় যাওয়ার কথা রয়েছে। সেখানে তাঁর সমস্যার কোনো সমাধান হবে বলে আশা করছেন তারা।

এদিকে বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন আমানতকারীর জরুরি প্রয়োজন বিবেচনা করে ব্যাংকের কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখাগুলোর সঙ্গে আলোচনা করে কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন বলে জানান জাহাঙ্গীর হোসেন। অন্যান্য জরুরি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানোর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

সোমবারের কর্মসূচিতে সংগঠনের চট্টগ্রাম কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি শারমিন আক্তারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৫/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই