গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না সরকার: আইনমন্ত্রী

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৮ এএম ২০২৬
প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না সরকার: আইনমন্ত্রী
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। দেশের মানুষের সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য। সরকার এখনো প্রতিশোধপরায়ণ হয়নি এবং ভবিষ্যতেও হতে চায় না।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণসংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নির্যাতনের শিকার হওয়ার পরও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশোধের পথে না হাঁটার নীতি নিয়েছেন। তার মা ও মৃত ভাইয়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী প্রতিশোধ না নেওয়ার সিদ্ধান্তের কথা বলেছেন। সেই নীতির অনুসরণ করেই সরকার কাজ করছে।

বিচারব্যবস্থা মেরামতের কাজ চলছে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের মতো কয়েকজন বিচারক অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত ছিলেন না। তবে তারা বুদ্ধিবৃত্তিক দুর্নীতি করেছেন। এর ফলে বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের প্রতি ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে যাওয়া হয়েছে। সরকার এখন সেই বিচারব্যবস্থা মেরামতের কাজ করছে। এই কার্যক্রমে কিছুটা সময় লাগবে। সে সময়টুকু জনগণের কাছ থেকে প্রত্যাশা করে সরকার। এর আগে সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রাখারও অনুরোধ জানান তিনি।

সাবরেজিস্ট্রার বদলিতে ঢাকায় লটারি: সাবরেজিস্ট্রার কার্যালয়কে দেশের অন্যতম ‘ঘুষ বাণিজ্যের বিভাগ’ হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিশেষ করে ঢাকায় পোস্টিং নিতে অর্থ লেনদেনের অভিযোগের কথা তিনি শুনে আসছেন।

সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়নে আর্থিক লেনদেন বন্ধ করতে প্রথমবারের মতো ঢাকা শহরে লটারির ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, লটারি পদ্ধতি চালুর পর সাবরেজিস্ট্রারদের কর্মস্থলে যেসব অনিয়ম রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাক্স্বাধীনতা ও সাইবার সুরক্ষা আইন: বাক্স্বাধীনতা প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, সরকার মানুষের মতপ্রকাশ, কথা বলা এবং বিবেকের স্বাধীনতা চায়। একই সঙ্গে হলুদ সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্র হননের প্রবণতা নিয়ন্ত্রণের দাবিও বিভিন্ন মহল থেকে আসছে।

সাইবার সুরক্ষা আইন ২০২৬ সংশোধনের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, আইনটি যথেষ্ট নয় মনে হওয়ায় সংশোধনের জন্য মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। মানুষের বাক্স্বাধীনতার সঙ্গে বিষয়টি জড়িত থাকায় প্রধানমন্ত্রী সেটি আরো যাচাই-বাছাইয়ের জন্য একটি উপকমিটিতে পাঠিয়েছেন। পরে সংশোধনী প্রস্তাব নিয়ে জনপরামর্শের প্রক্রিয়া শুরু হয়েছে।

আইনমন্ত্রী বলেন, প্রথম দিকে জাতীয় বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও কথা বলা হচ্ছে। সাংবাদিকদের এ বিষয়ে কোনো পরামর্শ থাকলে তা সংশ্লিষ্ট কমিটিতে আলোচনা করা হবে। সম্ভব হলে তাদের উদ্বেগ বা পরামর্শ সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হবে।

রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এসব কঠোর হাতে দমন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাদকের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনি রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও নজর দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এ পথে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাঁড়ালে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সরকার সেটিকেও বিবেচনায় রাখবে না।

নিজ এলাকার একটি ঘটনার উদাহরণ দিয়ে আসাদুজ্জামান বলেন, ইউনিয়ন বিএনপির এক নেতা এলাকায় অশান্তি সৃষ্টি করছিলেন। তিনি প্রশাসনকে নিরপেক্ষভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরে প্রশাসন ব্যবস্থা নিয়ে ওই নেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে বলে জানান তিনি। আইনমন্ত্রী বলেন, সরকার কোনো ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিতে চায় না।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ। এতে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আবদুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার, সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেন, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমসহ বিভিন্ন দলের নেতা এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৪/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে: মেয়র
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে: মেয়র

একেএম ফজলুল হক: সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এ সময়ে মশক নিধন ও জনসচেতনতা ক...

নীলফামারী জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারী জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত

মোজাম্মেল হক নয়ন: নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য...

মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন
১৪ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬...

টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ

কক্সবাজারের টেকনাফে সাঁড়াশি অভিযান চালিয়ে মানবপাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই