ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় অটোভ্যানচালক শিশু সাকিব আল হাসান (১৩) হত্যা মামলার প্রধান আসামি মো. শাহিন আলম ইমনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর ছিনতাই করা অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অটোভ্যানটি কেনার অভিযোগে মো. মোক্তার হোসেনকেও (৪৫) আটক করেছে পুলিশ।
এ বিষয়ে ফরিদপুর থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৩) সেপ্টেম্বর সকাল ৬টার দিকে প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে ডেমরা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাকিব আল হাসান। দুপুর আনুমানিক আড়াইটার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, সাকিব এখনো বাড়িতে ফেরেনি। এরপর বিকাল ৪টা থেকে ডেমরা বাজারের বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হয়।
একপর্যায়ে বিকাল আনুমানিক ৫টা ১০ মিনিটে পরিবারের সদস্যরা খবর পান, ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামে মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাজাট কবরস্থানের মাঝামাঝি এলাকায় জব্বার মোল্লার জমিসংলগ্ন বড়াল নদীর কিনারায় পানিতে একটি শিশুর লাশ ভাসছে। পরে সাকিবের বাবা মো. হারিজ উদ্দীন (৩৬) ঘটনাস্থলে গিয়ে লাশটি তার ছেলের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় সাকিবের বাবা বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর ফরিদপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ০৮ এবং এতে দণ্ডবিধির ৩৯৪, ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান শুরু করে। দলের সদস্য ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম, উপপরিদর্শক জাহিদুর রহমান বাদল, উপপরিদর্শক মো. ওয়াজেদ আলী এবং উপপরিদর্শক নুর মোহাম্মদ সরকার।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ২টার দিকে ফরিদপুর উপজেলার দিঘলিয়া বাজার এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহিন আলম ইমনকে গ্রেফতার করা হয়। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর (আকন্দপাড়া) গ্রামের মৃত আবুল প্রাংয়ের ছেলে এবং শাহআলমের পালকপুত্র। বর্তমানে তিনি ফরিদপুরের দিঘলিয়া মধ্যপাড়া (বালুরভিটা) এলাকায় শ্বশুর মো. মোস্তফার বাড়িতে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেফতার শাহিনের জবানবন্দি ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানুয়াঘাটা বাজার এলাকার একটি ভাঙাড়ির দোকান থেকে ছিনতাই করা অটোভ্যানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোভ্যানের ক্রেতা মো. মোক্তার হোসেনকে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিদের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
সানা/আপ্র/১৫/৯/২০২৬