একেএম ফজলুল হক: চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন এক যুবক। তাঁর নাম রনজিত চক্রবর্তী (৩৫)।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আনয়নকারীদের কাছ থেকে জানা গেছে, নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন রনজিত চক্রবর্তীকে আটক করে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, বর্তমানে রনজিত চক্রবর্তী হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট বাকলিয়া থানাকে অবহিত করা হয়েছে।
আহত রনজিত চক্রবর্তী বাকলিয়া থানার খেজুরতলা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম গৌরাঙ্গ চক্রবর্তী।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সানা/আপ্র/৫/৮/২০২৬