জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। এদিকে, উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও ভর্তির আবেদন করতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) উপাচার্যের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব বলেন, এইচএসসিতে দুই বিষয়ে ফেইল করা শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখার বিষয়ে আজকে সভায় সিদ্ধান্ত হয়েছে। তারা আবেদনের সুযোগ পাবেন। যদি কোয়ালিফাই করে তবে ভর্তি হতে পারবে। কোয়ালিফাই না করতে হলে ভর্তি হবে না।
এছাড়া, একই সময়সূচি ও একই প্রশ্নপত্রে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেয়ার কথা জানান তিনি ।
সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ডিন সূত্র জানায়, ইউনিটভিত্তিক শর্ত অনুযায়ী একজন শিক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষায় যদি জিপিএ ৩ বা ৩.৫ থাকে, তাহলে তাকে ভর্তি পরীক্ষার আবেদনের সুযোগ পাবেন। পরবর্তীতে যদি এইচএসসির সাপ্লিমেন্টারির ফলাফলে বাকি শর্ত পূরণ করে, তাহলে তিনি ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। তবে, সাপ্লিমেন্টারির ফলাফলের শর্ত পূরণ না হলে আবেদন বিবেচিত হবে না।
সাপ্লিমেন্টারির ফলাফলের শর্ত পূরণ না হলে আবেদন বিবেচিত হবে না জানিয়ে সূত্র আরও জানায়, নির্ধারিত ফি দিয়েই ফেল করা শিক্ষার্থীদের আবেদন করতে হবে। তবে পরবর্তীতে আবেদন বাতিল হলে ফি’র টাকা ফেরত পাবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এ বিষয়ে রেজিস্ট্রার দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
এসি/আপ্র/১১/১১/২০২৬