তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে প্রায় ৩০০ বিনিয়োগকারীর ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সোনালী ব্রিকসের মালিক ফারুক আজমের বিরুদ্ধে। বিনিয়োগকারীদের অভিযোগ, কয়েক বছর আগে ইটভাটাটি বন্ধ করে তাঁদের দীর্ঘদিনের সঞ্চিত অর্থ নিয়ে আত্মগোপনে চলে যান তিনি। পাওনা টাকা ফেরত এবং অভিযুক্ত মালিককে হাজির করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী বিনিয়োগকারী ও তাঁদের পরিবারের সদস্যরা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের কাজীরডগি এলাকায় সোনালী ব্রিকসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী মতলব, আব্দুর রবসহ অন্য বিনিয়োগকারীরা জানান, লাভের আশায় জীবনের দীর্ঘদিনের সঞ্চয় সোনালী ব্রিকসে বিনিয়োগ করেছিলেন তাঁরা। কিন্তু কয়েক বছর পর ইটভাটাটি বন্ধ করে বিনিয়োগকারীদের প্রায় ১০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যান মালিক ফারুক আজম।
তাঁরা জানান, সম্প্রতি এক ব্যক্তি ইটভাটাটি ইজারা নিয়ে পুনরায় চালুর উদ্যোগ নেন। তবে বিনিয়োগকারীদের মূলধন কিংবা পাওনা টাকা পরিশোধ না করেই ইটভাটা চালুর চেষ্টা করায় তাঁরা বাধা দেন। তাঁদের দাবি, বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত কোনোভাবেই ইটভাটা চালু করতে দেওয়া হবে না।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তাঁদের অনেকেই জীবনের শেষ সম্বল ও দীর্ঘদিনের জমানো অর্থ এখানে বিনিয়োগ করেছেন। কেউ ২০ হাজার টাকা, আবার কেউ ১৬ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন। বিনিয়োগকারীদের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিও রয়েছেন। কিন্তু দীর্ঘদিনেও টাকা ফেরত না পাওয়ায় অনেক পরিবার চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছে।
এ সময় তাঁরা পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে অভিযুক্ত ইটভাটার মালিক ফারুক আজমকে হাজির করে বিনিয়োগকারীদের পাওনা টাকা ফেরতের ব্যবস্থা করার দাবি জানান।
এ বিষয়ে সোনালী ব্রিকসের মালিক ফারুক আজমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন নিফা বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত তাঁদের কাছে আসেনি। এমন ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগীদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।
সানা/আপ্র/১১/১১/২০২৬