জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা (৬৯) এবং তাঁর স্ত্রী ঝর্না আলমের (৬২) বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।
দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাগুলো দায়ের করেন দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মন্ডল।
দুদক সূত্রে জানা গেছে, ২০২২ সালে শাহিনুল আলম ছানা ও তাঁর স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে কমিশন। অনুসন্ধানে তাঁদের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১৮ মার্চ তাঁরা কমিশনে সম্পদ বিবরণী জমা দেন।
সম্পদ বিবরণীতে শাহিনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকার সম্পদের তথ্য দেন। এর মধ্যে ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর এবং ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকার অস্থাবর সম্পদ দেখান তিনি। বিপরীতে তাঁর দায়ের পরিমাণ উল্লেখ করেন ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকা।
তবে দুদকের যাচাইয়ে তাঁর নামে ৩ কোটি ২১ লাখ টাকার স্থাবর এবং ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে ব্যাংকঋণসহ দায় পাওয়া যায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শাহিনুল আলম ছানা ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। একই সঙ্গে ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজের দখলে রেখেছেন। এ মামলায় অপরাধ সংঘটনের সময়কাল ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, তাঁর স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, সম্পদ বিবরণীতে তিনি ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এতে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া দোকানভাড়া ও কৃষি খাত থেকে ১০ লাখ ৬৫ হাজার টাকা আয় এবং সঞ্চয়সহ ১৪ লাখ ৩ হাজার টাকার বৈধ সম্পদ বিবেচনায় নিয়ে তাঁর বিরুদ্ধে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় অপরাধ সংঘটনের সময়কাল ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
শাহিনুল আলম ছানা মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের বাসিন্দা। তিনি মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক।
এ বিষয়ে বক্তব্য জানতে শাহিনুল আলম ছানার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
দুদকের উপসহকারী পরিচালক সমীরন কুমার মন্ডল বলেন, মামলা দুটির তদন্ত চলছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকেও আইনের আওতায় আনা হবে। তিনি আরো জানান, আসামি শাহিনুল আলম ছানা ও তাঁর স্ত্রী ঝর্না আলম পলাতক রয়েছেন। তাঁদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সানা/আপ্র/১১/১১/২০২৬