স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বাগেরহাটে নাগরিক ফোরামের সদস্যদের সঙ্গে স্থানীয় প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উদয়ন-বাংলাদেশ ও উই ক্যানের যৌথ উদ্যোগে এবং সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক)’ প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জাহিদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ আলতাফ হোসেন, মহিলা নেত্রী মনিরা ইসলাম, বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক শেখ হারুন, যুবদল নেতা আরিফুল ইসলাম, ফকির ফেরদৌস রহমান ও মো. মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংলাপে বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি ও উপজেলা নাগরিক কমিটির সদস্য এস এম রাজ, গোপী নাথ সাহা, সিনিয়র সাংবাদিক আজাদুল হক, ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, মো. ফিরোজ হাওলাদার, লাভলী মণ্ডল ও নাজমা বেগমসহ নাগরিক ফোরামের সদস্যরা অংশ নেন।
সংলাপে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ও প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের সামাজিক নিরীক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা, প্রকৃত ও যোগ্য ব্যক্তিদের ভাতার আওতায় আনা, সেবা পেতে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় নাগরিক প্রতিনিধিরা তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হলে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সরকারি সেবা সম্পর্কে সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তি সহজ করা, অভিযোগ ও সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া এবং সেবার মান উন্নয়নে প্রশাসন ও নাগরিকদের মধ্যে নিয়মিত সমন্বয় প্রয়োজন।
তাঁরা আরো বলেন, স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবায় জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিকদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন উদয়ন-বাংলাদেশের প্রধান নির্বাহী শেখ আসাদ।
সানা/আপ্র/১১/১১/২০২৬