অনুমতি ছাড়া ছবি প্রকাশ ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাদী সানায়া আনাম আয়াফিকাহ চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় এ নোটিশ পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শুভ্র সিনহা রায়।
নোটিশে বলা হয়েছে, তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা করেছেন বাদী। মামলা দুটি বর্তমানে চলমান। অভিযোগ অনুযায়ী, গত ২৭ অক্টোবর তিশা তাঁর যাচাইকৃত ফেসবুক পেজ থেকে বাদীর বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়িয়েছেন। পাশাপাশি দেশের গণমাধ্যমেও ভুলভাবে বিষয়টি উপস্থাপন করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরো বলা হয়েছে, ২০২৫ সালের ৭ নভেম্বর তিশা ফেসবুক মেসেঞ্জারে বাদীকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’
বাদীর অভিযোগ, ওই হুমকির ধারাবাহিকতায় তিশা তাঁর ছবি ফেসবুকে প্রকাশ করে সম্মানহানির ঘটনা ঘটাচ্ছেন।
নোটিশে তিশার একটি ফেসবুক পোস্টের বক্তব্যও উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’। তবে বাদীর দাবি, ছবি শেয়ার করা অপর নারী তাঁর বোন নন। তিশা ওই নারীকে বাদীর বোন হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় ভুল তথ্য ছড়াচ্ছেন।
নোটিশ অনুযায়ী, বাদী একজন ফ্যাশন ডিজাইনার এবং অপর নারী একজন নারী উদ্যোক্তা। তাঁদের মধ্যে পরিচয় থাকলেও তিশা সেই সম্পর্ককে নেতিবাচকভাবে উপস্থাপন করে বাদীর মানহানি করছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া তিশার ফেসবুক পোস্টে দুই অপ্রাপ্তবয়স্কের ছবি প্রকাশের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। অভিযোগ করা হয়েছে, ছবি প্রকাশের আগে বাদী ও শিশুদের পরিবারের কারও অনুমতি নেওয়া হয়নি। নোটিশে একে সাইবার সুরক্ষা আইন, ২০২৩-এর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তিশার যাচাইকৃত ফেসবুক পেজ থেকে বাদীর সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে এবং ভবিষ্যতে তাঁর কোনো ছবি প্রকাশ না করতে বলা হয়েছে। অন্যথায় আর্থিক মানহানির অভিযোগে এবং সাইবার ট্রাইব্যুনালসহ উপযুক্ত আদালতে আইনি প্রতিকার চাওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এসি/আপ্র/২৮/১০/২০২৬