দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারো ভক্তদের নজর কাড়লেন তার ব্যতিক্রমী জীবনযাপনের জন্য। অভিনয়ের ব্যস্ততার বাইরে নিজের বাড়ির বাগানে নিয়মিত কৃষিকাজ করেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে খালি পায়ে, সাধারণ পোশাকে দীর্ঘক্ষণ কোদাল চালিয়ে বাগানের মাটি প্রস্তুত করতে দেখা যায় তাকে। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়, একজন সহায়তাকারীর সঙ্গে মিলে জয়া বাগানের মাটিতে গোবর সার মিশিয়ে চাষের উপযোগী করছেন। একই সঙ্গে তিনি নিজের বাগানের বিভিন্ন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেখানে জবা, ঘুমন্ত জবাসহ নানা ধরনের গাছ রয়েছে বলে জানান তিনি।
গ্ল্যামারজগতের পরিচিত মুখকে এমন স্বাভাবিক ও পরিশ্রমী রূপে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। অনেকেই তাকে ‘মাটির মানুষ’ বলে অভিহিত করেছেন। কেউ লিখেছেন, ‘মাটির সঙ্গে বন্ধুত্ব, এটা সুন্দর।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘কোদাল দিয়ে কাজ করলে মনে হয় বয়স ধরে রাখা সম্ভব।’ আরেকজনের ভাষ্য, ‘সুন্দর আর স্লিম থাকার রহস্যই হলো কাজ করা।’ কেউ কেউ রসিকতার সুরে গৃহস্থালির কাজ এড়িয়ে চলার প্রবণতার সঙ্গেও বিষয়টি তুলনা করেছেন।
বয়সকে হার মানানো সৌন্দর্য ও ফিটনেসের জন্য প্রায়ই আলোচনায় থাকেন জয়া আহসান। তবে তার মতে, কঠোর জিম বা কঠিন ডায়েট নয়, দৈনন্দিন কায়িক পরিশ্রমই তাকে সুস্থ ও কর্মক্ষম রাখে।
এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নিয়মিত জিম করার অভ্যাস তার নেই। নতুন কোনো চলচ্চিত্রের শুটিংয়ের প্রয়োজন হলে কিছুদিন পিলাটিজ বা শরীরচর্চা করেন। তবে স্বাভাবিকভাবে ফিট থাকতে তিনি নিজের বাড়ির বাগানে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
জয়ার ভাষায়, ‘জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আমি যেমন চাষ করি। মাটি তৈরি করা থেকে শুরু করে দরকার হলে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও নিজেই করি।’
এসি/আপ্র/০৩/০৮/২০২৬