পায়ের তলা ফেটে রক্ত বেরিয়েছে। কাঁটা ও কাচের টুকরা বিঁধেছে পায়ে। এমনকি কাঁটাঝোপের আঘাতে সংক্রমণ হয়ে এক সপ্তাহ হাঁটাও বন্ধ রাখতে হয়েছে। তবু থামেননি আয়ারল্যান্ডের ইমন কেভেনি। ৩৬৯ দিনে খালি পায়ে তিনি পাড়ি দিয়েছেন ৬ হাজার ৮০৫ কিলোমিটার পথ।
এর মধ্য দিয়ে খালি পায়ে সবচেয়ে বেশি দূরত্ব হাঁটার নিজের আগের রেকর্ডকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন কেভেনি।
নিজের রেকর্ড পুনরুদ্ধারের লক্ষ্যে এবার তুরস্কের ইস্তাম্বুল থেকে হাঁটা শুরু করেছিলেন তিনি। দীর্ঘ ৩৬৯ দিন পর গত ৭ মার্চ আয়ারল্যান্ডের মায়ো কাউন্টির নিজ শহর ক্ল্যারিমরিসে পৌঁছান কেভেনি।
এই দীর্ঘ যাত্রায় তাঁকে পাড়ি দিতে হয়েছে নানা চড়াই-উতরাই ভূখণ্ড। লড়তে হয়েছে প্রতিকূল আবহাওয়ার সঙ্গেও। এর মধ্যে পায়ের নানা ধরনের আঘাত ও সংক্রমণও তাঁকে থামাতে পারেনি।
২০১৬ সালে আয়ারল্যান্ডজুড়ে ২ হাজার ৮০ কিলোমিটার খালি পায়ে হেঁটে প্রথমবার এই রেকর্ড গড়েছিলেন কেভেনি। ২০২৪ সালে তাঁর সেই রেকর্ড ভেঙে দেন পোল্যান্ডের পাওয়েল দুরাকিয়েভিচ। তিনি খালি পায়ে ৩ হাজার ৪০৯ কিলোমিটার পথ হেঁটেছিলেন।
এবার দুরাকিয়েভিচের রেকর্ডের প্রায় দ্বিগুণ পথ পাড়ি দিয়েছেন কেভেনি। এর মাধ্যমে খালি পায়ে সবচেয়ে বেশি দূরত্ব হাঁটার রেকর্ডটি আবার নিজের দখলে নিয়েছেন তিনি।
তবে এটিই কেভেনির একমাত্র দুঃসাহসিক যাত্রার রেকর্ড নয়। ২০২৩ সালে মাত্র ৫ দিন ৫ ঘণ্টা ২৩ মিনিটে ইউনিসাইকেলে বা এক চাকার সাইকেলে আয়ারল্যান্ড পাড়ি দিয়ে আরেকটি রেকর্ড গড়েছিলেন তিনি।
৩৪ বছর বয়সী সরকারি কর্মকর্তা ইমন কেভেনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘খালি পায়ে দীর্ঘ পথ হাঁটার রেকর্ডটি প্রথমবার গড়ার পর থেকেই আমি আবার বড় কোনো যাত্রায় বের হওয়ার কথা ভাবছিলাম। একটি দেশ পায়ে হেঁটে পাড়ি দেওয়ার পর একটি মহাদেশ অতিক্রম করাই পরবর্তী পদক্ষেপ বলে আমার মনে হয়েছিল। তাই ইস্তাম্বুল থেকে হেঁটে নিজ দেশ আয়ারল্যান্ডে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ তথ্যসূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
সানা/ডিসি/আপ্র/১৩/৯/২০২৬