সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ওই বাংলাদেশিরা একটি যানবাহনে করে মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
দুর্ঘটনার খবর পেয়ে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
কনস্যুলেট সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত দেশে স্বজনদের কাছে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এসি/আপ্র/০৭/১১/২০২৬