বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর চশমা ব্যবহার করে পূর্ণ ম্যারাথনে অংশ নিতে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী ক্লার্ক রেনল্ডস। আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী ব্রাইটন ম্যারাথনে প্রায় ২৬ মাইল দীর্ঘ পথ অতিক্রম করবেন তিনি।
৪৫ বছর বয়সী রেনল্ডস ‘রেটিনিটিস পিগমেন্টোসা’ রোগে আক্রান্ত, যার ফলে তাঁর দৃষ্টিশক্তি নেমে এসেছে মাত্র ৫ শতাংশে। এই সীমাবদ্ধতা সত্ত্বেও প্রযুক্তির সহায়তায় তিনি নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছেন।
ম্যারাথন চলাকালে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা চশমার পাশাপাশি একটি বিশেষ মোবাইল অ্যাপ ব্যবহার করবেন, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা স্বেচ্ছাসেবীরা তাকে তাৎক্ষণিক দিকনির্দেশনা দেবেন। এই সমন্বিত প্রযুক্তি ব্যবহারের ফলে খেলাধুলায় সহায়ক প্রযুক্তির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সাধারণত এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের দৈবচয়ন ভিত্তিতে স্বেচ্ছাসেবকদের সঙ্গে যুক্ত করে। তবে নতুন গ্রুপভিত্তিক সুবিধার মাধ্যমে রেনল্ডস আগেভাগেই একটি নির্দিষ্ট দল গঠন করতে পেরেছেন। ফলে দৌড়ের সময় তিনি পরিচিত ও প্রস্তুত স্বেচ্ছাসেবকদের কাছ থেকেই ধারাবাহিক নির্দেশনা পাবেন।
রেনল্ডস জানান, এই প্রযুক্তি তার জন্য এক নতুন স্বাধীনতার অনুভূতি তৈরি করেছে। তাঁর ভাষায়, নির্দিষ্ট একটি নির্দেশনা দিলেই তিনি সঙ্গে সঙ্গে এমন একজন সহায়তাকারীর সঙ্গে যুক্ত হতে পারেন, যিনি তাকে পথনির্দেশনা দেন-এটি তার জন্য অত্যন্ত কার্যকর ও আশাব্যঞ্জক অভিজ্ঞতা।
এর আগে একজন গাইডের সহায়তায় তিনি লন্ডন ম্যারাথন সম্পন্ন করেছিলেন। বর্তমানে শতাধিক স্বেচ্ছাসেবী তার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এই নতুন চ্যালেঞ্জে তাকে সহায়তা করবেন।
প্রযুক্তির সহায়তায় সীমাবদ্ধতা জয় করে এই উদ্যোগ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সানা/ডিসি/আপ্র/৪/৪/২০২৬