অস্ট্রেলিয়ার একটি পাবলিক লাইব্রেরিতে প্রায় ১৫০ বছর আগে ধার নেওয়া একটি বই অবশেষে ফেরত এসেছে। লাইব্রেরির পুরোনো নিয়ম অনুযায়ী, এত দীর্ঘ সময় পর বই ফেরত দেওয়ায় এর বিলম্ব ফি হিসাব করলে জরিমানার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯ লাখ টাকা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৫৮ সালে প্রকাশিত অ্যান্টিকুইটিজ অব এথেন্স বইটি গত সপ্তাহে কিয়ামা শহরের একটি পাবলিক লাইব্রেরিতে জমা দেন স্থানীয় এক বাসিন্দা। বাড়ি সংস্কারের সময় বন্ধ একটি ফায়ারপ্লেসের ভেতরে ইটের গাঁথুনির আড়ালে রাখা একটি চায়ের বাক্সে বইটি পাওয়া যায়।
কিয়ামা লাইব্রেরির ব্যবস্থাপক মিশেল হাডসন জানান, ১৮৭২ সালে চালু হওয়া লাইব্রেরির নিয়ম অনুযায়ী বিলম্ব ফি এবং বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় জরিমানার পরিমাণ প্রায় ১৮ দশমিক ৭ লাখ রুপিতে দাঁড়ায়।
তিনি বলেন, এত পুরোনো কোনো বই এর আগে লাইব্রেরিতে ফেরত আসেনি। সাধারণত কয়েক দশক পর হারানো বই ফেরত আসে, তবে ১৫০ বছর পর ফেরার ঘটনা অত্যন্ত বিরল।
তবে বইটির প্রকৃত ধারকারী কে ছিলেন, তা আর জানা সম্ভব নয়। কারণ, ১৮৭০-এর দশকের ধার নেওয়ার রেজিস্টার বা দিনলিপি হারিয়ে গেছে। বইটিতেও মালিকের পরিচয় শনাক্ত করার মতো কোনো তথ্য নেই।
সেসময়ের লাইব্রেরি নীতিমালা অনুযায়ী, নতুন বই ধার নিতে হলে আগের বই ফেরত দিয়ে সব বকেয়া পরিশোধ করতে হতো। একটি পরিবার সর্বোচ্চ তিনটি বই ধার নিতে পারত, তবে শর্ত ছিল পরিবারের অন্তত ছয়জন সদস্য পড়তে জানতে হবে। এছাড়া নেশাগ্রস্ত কাউকে বই ধার দেওয়া হতো না।
চিমনির পাশে দীর্ঘদিন পড়ে থাকায় বইটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি এখন লাইব্রেরির স্থানীয় ইতিহাস সংগ্রহের অংশ হিসেবে সংরক্ষণ ও প্রদর্শন করা হবে।
মিশেল হাডসন বলেন, “এবার আর বইটি বাইরে যাবে না। এটি ফেরত পেতে আমাদের আর ১৫০ বছর অপেক্ষা করতে হবে না।”
সূত্র: এনডিটিভি
এসি/আপ্র/০১/০৮/২০২৬