সদ্য প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে দৈনিক সমকাল পত্রিকা। সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই অর্থ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী।
চার দিন আগে বরিশাল নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয়ের ভেতর থেকে ৫৭ বছর বয়সি সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ছিলেন।
সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা সোমবার তার স্ত্রীর ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলক চ্যাটার্জির ভাই দীপক চ্যাটার্জি জানান, ২০২৩ সালের মে মাসে পুলককে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন। চাকরি হারানোর পর তিনি মানসিক কষ্টে ছিলেন বলেও জানান তিনি।
পুলিশ জানায়, মৃত্যুর আগে পুলক পাঁচটি চিরকুট লিখে গেছেন। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মেহেদি হাসান বলেন, তার শার্টের বুক পকেট থেকে ওই চিরকুটগুলো উদ্ধার করা হয়।
এর মধ্যে একটি চিরকুটে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর কাছে সমকাল কার্যালয়ে গচ্ছিত থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই মৃত্যুর তিন দিন পর পাওনা ১০ লাখ টাকা পরিবারের কাছে পৌঁছে দিলো সমকাল কর্তৃপক্ষ।
পুলক চ্যাটার্জি একসময় বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন।
এদিকে পুলকের মৃত্যুর ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, এ ঘটনায় সুমন চৌধুরী বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।
উদ্ধার হওয়া চিরকুটগুলোর সত্যতা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
সানা/ডিসি/আপ্র/১৫/৯/২০২৬