মাত্র ২৯ দিনের ব্যবধানে দুই দফায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর প্রতিবাদে খালি সিলিন্ডার হাতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সরকারকে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসার আহ্বান জানিয়েছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে গ্যাসের খালি সিলিন্ডার নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন দলটির নেতারা।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের সাধারণ মানুষের উদ্দেশে বলেন, ‘আপনারা সিলিন্ডার হাতে রাজপথে নেমে প্রতিবাদ করুন।’
তিনি অভিযোগ করেন, মানুষ যাতে প্রতিবাদ জানানোর সুযোগ না পায়, সে কারণেই বিএনপি সরকার রাতে গ্যাসের দাম বাড়িয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এটা রাতের সরকার। শেখ হাসিনার সময় যেমন রাতের বেলায় দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হতো, এখন তারেক রহমানও শেখ হাসিনার দেখানো পথ অনুসরণ করে রাতের বেলায় গ্যাসের দাম বাড়ান।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমরা ভবিষ্যতে রেগুলেটরি কমিশনের সামনে সিলিন্ডার হাতে প্রতিবাদ করব।’
মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে তিনি আরো বলেন, ‘তারেক রহমানের এটা সরকার না, এটা সিন্ডিকেটের সরকার। কয়েকটি কোম্পানিকে সুবিধা দিতে দাম বাড়ানো হয়েছে।’
কোম্পানিগুলোর নাম উল্লেখ না করে নাসীরুদ্দীন বলেন, ভবিষ্যতে এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে খালি গ্যাসের সিলিন্ডার নিয়ে কর্মসূচি পালন করবেন তারা।
সানা/আপ্র/০৩/১১/২০২৬