১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম এক মাসের ব্যবধানে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবে।
সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানোয় সাধারণ পরিবারের ব্যয় আরো বেড়ে যাবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়তি এই ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে।
তিনি বলেন, শুধু দাম বাড়িয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। বাজারে দীর্ঘদিন ধরেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। রাজধানীতেই ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অথচ এ ক্ষেত্রে কার্যকর বাজার তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না।
আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা এবং বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ মানুষের ওপর চাপানো যাবে না। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনা না করে বারবার জ্বালানির দাম বাড়ানো সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।
বিবৃতিতে তিনি অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাজারে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকির জোর দাবি জানান।
সানা/আপ্র/০৩/১১/২০২৬