বগুড়ায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ৮০ জন নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন দলবদলকারীদের একজন। তবে এ দাবিকে অপপ্রচার বলে অভিহিত করেছেন বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর এক নেতা। তাঁর দাবি, জামায়াত-শিবিরের পরিচয়ে যারা নতুন দলে যোগ দিয়েছেন, তাঁরা জামায়াতের কেউ নন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বগুড়া মহানগরীর আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন জেলা জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবাগতদের ফুল দিয়ে বরণ করেন জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন।
জাতীয় নাগরিক পার্টিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন বগুড়া শহর জোন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফেজ গোলাম কিবরিয়া, আহসান হাবিব, আসিফ মাহমুদ, মো. শাওন ও মিনহাজুল আবেদিন। যোগদানকারীদের মধ্যে ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল, সদস্য এবং বিভিন্ন পদে দায়িত্ব পালন করা ব্যক্তিরা রয়েছেন বলে জানানো হয়েছে।
হাফেজ গোলাম কিবরিয়া জানান, তাঁরা মোট ৮০ জন জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। তবে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন। অন্যরা অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও তাঁরাও দলটিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি।
নিজেদের দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে গোলাম কিবরিয়া বলেন, ব্যক্তিগত ইচ্ছায় তাঁরা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। তাঁর মনে হয়েছে, এ দলের সঙ্গে যুক্ত হয়ে আরো ভালো কিছু করা সম্ভব। সামনে থেকে দলটিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চান তাঁরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগে বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের নেতা ছিলেন এবং জামায়াতের সঙ্গেও যুক্ত ছিলেন। তবে এখন নিজের ইচ্ছায় জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন বলেন, ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় নাগরিক পার্টি। বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ দলটিতে যোগ দিয়েছেন। তাঁদের স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত।
তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। দেশের মানুষ পুরোনো ধারার গতানুগতিক রাজনীতির পরিবর্তে নতুন ধারার রাজনীতি প্রত্যাশা করছে। জাতীয় নাগরিক পার্টি সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
শাহরিয়ার জুহিন জানান, তিনি জাতীয় নাগরিক পার্টির মনোনীত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন। নবাগত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামী নভেম্বরের মধ্যে বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে দলের কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ওয়ার্ড পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা হবে।
তিনি আরো বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে উপজেলা কমিটি গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী দিনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিকে সাধারণ মানুষের আরো কাছে নিয়ে যেতে চান তাঁরা।
অন্যদিকে, বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক ইকবাল হোসেন বলেন, জামায়াত-শিবিরের পরিচয়ে যারা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন, তাঁরা জামায়াতের কেউ নন। তাঁরা যুব জামায়াতের নেতৃত্বে ছিলেন না, এমনকি কর্মীও নন। তাঁদের এ ধরনের পরিচয় তুলে ধরার পুরো বিষয়টিই অপপ্রচার।
সানা/আপ্র/৩১/১০/২০২৬