শেখ রাসেল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে আমগাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মো. আফরোজ আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ১১ নম্বর চরপুটিমারী ইউনিয়নের পেচার চর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আফরোজ আলী পেশায় একজন কৃষক ছিলেন। তাঁর বাবার নাম মৃত মামুদ আলী। তাঁর তিন ছেলে রয়েছে। শুক্রবার দুপুরে বাড়ির একটি আমগাছের ডাল কাটতে গাছে ওঠেন তিনি। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্বজনেরা তাঁকে দ্রুত শেরপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সানা/আপ্র/৩১/১০/২০২৬