রাজধানীর মোহাম্মদপুরে ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মধ্যে একটি রেস্তোরাঁ ও পাশের ফার্মেসি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার কিছু পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে অনুরাগ রেস্তোরাঁ ও ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া তিন রাউন্ড গুলিতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী একটি জাতীয় দৈনিকের বার্তা সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি রাতে অফিস থেকে বাসে করে বাসায় ফিরছিলেন। বাসে বসেই অনুরাগ রেস্তোরাঁর পাশে ফার্মেসির সামনে গুলির ঘটনা দেখতে পান ও বিকট শব্দ শোনেন। রাত ১১টার সামান্য পরপরই হঠাৎ গুলির শব্দে স্থানীয় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় ছোটাছুটি। ফার্মেসির বিশাল গ্লাসের গুলি লেগে ভেঙেচুরে গেছে দেখেন।
প্রত্যক্ষদর্শী ওই সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, কালো পোশাক ও হেলমেট পরা দুই যুবক দৌড়ে সামান্য দূরে অনুরাগের গলির মুখে রাখা একটি মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। মোটরসাইকেলের পেছনে বসা যুবকটি বিশাল আকৃতির একটি চাপাতি উঁচিয়ে ভয় দেখাচ্ছিল। স্থানীয় কিছু লোকে ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করে ধাওয়া দেয়। যুবক দুজন মোটরবাইকে শিশুমেলার বিপরীতে সিটি গার্ডেন রেস্তোরাঁর গলি দিয়ে খিলজি রোডের দিকে চলে যায়।
ওই সাংবাদিক আরো জানান, শিশুমেলায় পৌঁছে বাস থেকে নেমে রিকশায় করে যাওয়ার সময় বাবর রোডের নবনীড় স্টাফ কোয়ার্টারের প্রধান ফটকের সামনে স্থানীয় লোকজনের হৈচৈ শুনতে ও দেখতে পান। সেখানে চার-পাঁচটি মোটরসাইকেল ছিল। কয়েকজনকে ‘চোর ধরেছি, চোর ধরেছি’ বলে চিৎকার করতে শোনা যায়। তবে ওই ব্যক্তিদের সঙ্গে গুলি ছোড়ার ঘটনায় জড়িত যুবকদের কোনো সম্পর্ক ছিল কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি ছুড়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
অনুরাগ রেস্তোরাঁ ও পাশের ফার্মেসির মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্টন। তিনি অভিযোগ করেন, গত ৫ নভেম্বর তাঁকে ফোন করে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর পর তাঁর দোকান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সর্বশেষ গুলির ঘটনার সঙ্গে চাঁদা দাবির ওই অভিযোগের যোগসূত্র রয়েছে কি না, তা পুলিশ নিশ্চিত করেনি। এ বিষয়ে ‘কিলার পাপ্পু’র বক্তব্যও পাওয়া যায়নি।
সানা/আপ্র/১৪/১১/২০২৬