দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৮৩ জনের মৃত্যু হলো। আর এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জনে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৪ জন, চট্টগ্রামে ২৬৭, বরিশালে ১৪৭, খুলনায় ১৬০, রাজশাহীতে ৮৯, রংপুরে ৭৬, ময়মনসিংহে ৭৬ এবং সিলেটে ছয়জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে এ রোগে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ওই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
সানা/কেএমএএ/আপ্র/১৩/১১/২০২৬