চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের রাউজান উপজেলা দক্ষিণ ইসলামী ফ্রন্টের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ নুরী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মুঠোফোনে তাঁকে এ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হুমকির ঘটনায় বৃহস্পতিবারই থানায় জিডি করেছেন ইলিয়াছ নুরী।
রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামিউল উলূম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ইলিয়াছ নুরী শুক্রবার (১৩ নভেম্বর) বলেন, বৃহস্পতিবার বেলা ১টার পর তিনি মাদ্রাসায় নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাঁর মুঠোফোনে একটি কল আসে। ব্যস্ত থাকায় প্রথমে কলটি ধরতে পারেননি। পরে একই নম্বর থেকে কয়েকবার ফোন আসায় তিনি পাল্টা কল করেন।
ইলিয়াছ নুরীর ভাষ্য, ফোনে কোনো কথাবার্তা ছাড়াই ওই ব্যক্তি তাঁর কাছে চাঁদা দাবি করেন। নিজের ‘পোলাপানদের পরিচালনা করার জন্য’ তাঁকে টাকা দিতে হবে বলে জানান। টাকা না দিলে মেরে ফেলার হুমকিও দেন।
তিনি বলেন, ওই নম্বর থেকে আবার ফোন করা হলে তিনি নিজের শিক্ষকতার পরিচয় দিয়ে চাঁদা দেওয়ার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেন। তখন ওই ব্যক্তি টাকা না দিলেও তাঁকে মেরে ফেলার হুমকি দেন।
ইলিয়াছ নুরী বলেন, রাজনীতি করলেও শিক্ষকতা ছাড়া তাঁর আর কোনো আয়ের উৎস নেই। কেন তাঁর কাছে চাঁদা চাওয়া হচ্ছে, তা বুঝতে পারছেন না। এ ঘটনায় তিনি আতঙ্কিত।
চাঁদা দাবি করা ব্যক্তি নিজের পরিচয় দেননি এবং চাঁদার নির্দিষ্ট পরিমাণও জানাননি বলে উল্লেখ করেন ইসলামী ফ্রন্টের এ নেতা।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ইলিয়াছ নুরী থানায় এসে জিডি করেছেন এবং চাঁদা দাবির ফোন আসা একটি মুঠোফোন নম্বর দিয়েছেন। নম্বরটি কোথা থেকে ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়ভাবে কিংবা দেশের অন্য কোনো স্থান থেকে ফোন করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
সানা/আপ্র/১৩/১১/২০২৬