দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৯৯ জন। বাকি ১০৫ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেটে ২১৩, চট্টগ্রামে ১২০, রাজশাহী ও ময়মনসিংহে ৯৩ জন করে, বরিশালে ৭০, খুলনায় ৫৭ এবং রংপুরে ১৮ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ১৪৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭২ জন।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪১৪ জন, চট্টগ্রামে ২৩৩, সিলেটে ১৬৮, বরিশালে ১৪০, ময়মনসিংহে ৮০, খুলনায় ৭৮, রাজশাহীতে ৪৫ এবং রংপুরে ১৪ জন রয়েছেন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, চলতি বছর হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনের মধ্যে। তাঁদের মধ্যে ২৫ হাজার ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে আক্রান্তের প্রকৃত সংখ্যা নির্ণয় করা কঠিন। অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।
সানা/আপ্র/১৩/১১/২০২৬