ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা চায় ভারত। এ জন্য সামরিক বিমান পাঠিয়ে তাঁকে ফিরিয়ে নেওয়া অথবা সীমান্তের নির্দিষ্ট কোনো স্থানে সেনাসদস্যদের মাধ্যমে গ্রহণ করার প্রস্তাব রয়েছে নয়াদিল্লির। পাশাপাশি দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করার বিষয়টিও ভারতের প্রত্যাশা বলে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ করতে ভারত দুটি শর্ত সামনে এনেছে। প্রথমত, তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় আপিল ও নতুন করে স্বচ্ছ বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে দীর্ঘ অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক অঙ্গনে নয়াদিল্লির জন্য বিব্রতকর হয়ে উঠছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক সমালোচনার মুখেও পড়ছে ভারত। এ অবস্থায় ভারতীয় নীতিনির্ধারকেরা তাঁকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেও সফল হননি। ফলে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়াকেই এখন বাস্তবসম্মত পথ হিসেবে দেখছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’ ভারতের প্রত্যাশা, আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া সম্পন্ন হবে।
এক ভারতীয় সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হবে। ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাঁকে ফেরত চাইলেও প্রত্যর্পণ চুক্তির আইনি বিষয় পর্যালোচনার কথা বলে ভারত এখনো সিদ্ধান্ত জানায়নি। আসামি হিসেবে বাংলাদেশের কোনো বিমানে তাঁকে তুলে দিতে অনাগ্রহী নয়াদিল্লি। এতে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের রাজনৈতিক নেতৃত্বের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে বলে ভারতের আশঙ্কা।
গত কয়েক মাস ধরে এ বিষয়ে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের মতে, শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করাই ছিল এসব বৈঠকের অন্যতম উদ্দেশ্য। তবে বৈঠকগুলোর আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে একাধিকবার প্রকাশ্যে বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ের পর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এই যোগাযোগ শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রেও কাজে লাগাতে চায় ভারত বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে দাবি করেছে বিবিসি বাংলা। তবে জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশের বর্তমান সরকার তাঁকে ফিরিয়ে নিতে আদৌ আগ্রহী কি না, তা নিয়ে ভারতীয় কর্মকর্তাদের সংশয় রয়েছে। তাঁদের আশঙ্কা, শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশে নতুন অস্থিরতা তৈরি হতে পারে।
নয়াদিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন জেনেও তাঁর ফেরার ঘোষণায় ভারত সম্মতি দিয়েছে। ওই কর্মকর্তার ভাষায়, ‘অন্তত আমরা তখন বলতে পারব যে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখানোয় তা সম্ভব হয়নি।’
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁর প্রত্যাবর্তন সম্ভব না হলেও ভারতে তাঁর অবস্থান দীর্ঘায়িত করার পক্ষে নয়াদিল্লির হাতে নতুন যুক্তি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
সানা/আপ্র/১৩/১১/২০২৬