সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রমে আরো ৫০ জন প্রার্থীকে সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্যে কয়েকজন অনুপস্থিত থাকায় অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন এই ৫০ জনকে বাছাই করা হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৩ নভেম্বর) বোয়েসেল কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে অনলাইন স্বয়ংক্রিয় পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়।
বৃহস্পতিবার ও শুক্রবার নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। তবে তাঁদের মধ্যে কয়েকজন অনুপস্থিত থাকায় আগে নির্বাচিত ৩০০ জনের বাইরে অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে আরো ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোয়েসেল।
সংস্থাটি জানিয়েছে, পুরো লটারি প্রক্রিয়া বোয়েসেলের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। আবেদনকারীদের নির্ধারিত সময়ে সম্প্রচারটি দেখার অনুরোধ জানানো হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর কর্মসূচির অংশ হিসেবে এ নিয়োগ কার্যক্রম চলছে। প্রথম ধাপে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। তাঁদের অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে কাজের সুযোগ দেওয়া হবে।
চূড়ান্তভাবে কর্মী বাছাইয়ের জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। দলটি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।
বোয়েসেল জানিয়েছে, এ নিয়োগে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ দিতে হবে না। নিয়োগসংক্রান্ত যাবতীয় খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। ফলে নির্বাচিত কর্মীরা সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন।
সানা/কেএমএএ/আপ্র/১৩/১১/২০২৬