রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় খাবার খাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ানো কেন্দ্র করে আলোচিত দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে একদল যুবক। তাঁরা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রেস্তোরাঁর কর্মী ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তিতুমীর কলেজের কাছে সড়কের বিপরীত পাশে অবস্থিত রেস্তোরাঁটিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাবার খেতে বসার জায়গা নিয়ে এক তরুণের সঙ্গে রেস্তোরাঁয় আসা একটি পরিবারের বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসা করতে গিয়ে রেস্তোরাঁর এক কর্মীও ওই তরুণের বিরাগভাজন হন। একপর্যায়ে তিনি রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে হামলা ও ভাঙচুর চালান।
দূরবীন বাংলা রেস্তোরাঁর মালিক সাফিন বেগ সাংবাদিকদের বলেন, প্রথমে এক তরুণ রেস্তোরাঁয় এসে একটি খালি চেয়ারে বসেন। অথচ ওই আসনের জন্য একটি পরিবার আগে থেকেই সিরিয়ালে ছিল। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তরুণের বাগ্বিতণ্ডা হয়। পরিস্থিতি সামাল দিতে রেস্তোরাঁর একজন কর্মী এগিয়ে যান। তরুণটি শিক্ষার্থী হতে পারেন, এমন ধারণা থেকে তাঁকে অন্য জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে তিনি রেস্তোরাঁ থেকে চলে যান।
সাফিন বেগ বলেন, ‘কিছুক্ষণ পর তিনি কয়েকজন নিয়ে এসে প্রথমে রেস্তোরাঁর বাইরে আমাদের স্টাফ খলিলকে বেদম মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক হঠাৎ রেস্তোরাঁর ভেতরে ঢুকে চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র তুলে ভাঙচুর করছেন। হামলার পর রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়।
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, বাগ্বিতণ্ডার একপর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থাপককে লাঞ্ছিত করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রেস্তোরাঁয় খাবার খেতে বসা ও সিরিয়াল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের ঝগড়া ও মারামারি হয়। পরে শিক্ষার্থীরা আরো সহপাঠীকে ডেকে এনে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালান।
ঘটনার পর দুপুরে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রুহুল কবীর খান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। রেস্তোরাঁর মালিক সাফিন বেগকে দ্রুত প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে রেস্তোরাঁয় পুলিশি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেস্তোরাঁটি দ্রুত চালু করার জন্য মালিককে পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও থাকবে।
সানা/কেএমএএ/আপ্র/১৩/১১/২০২৬