রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে প্রকাশ্যে চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে আইফোন ও টাকাসহ ওয়ালেট ছিনিয়ে নিয়েছে তিন থেকে চারজন দুর্বৃত্ত। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা দেড়টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আল্লাহ করিম মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আশপাশে লোকজন থাকলেও হামলাকারীদের ভয়ে কেউ তাকে রক্ষায় এগিয়ে আসেননি।
আহত যুবকের নাম তানভীর (২৯)। তিনি ৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদে উত্তীর্ণ হয়েছেন। চাকরিতে যোগদানের অপেক্ষায় থাকার পাশাপাশি বিসিএসের প্রস্তুতিও চালিয়ে যাচ্ছিলেন তিনি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা তানভীরের বাড়ি কেরানীগঞ্জের আটিবাজার এলাকায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তানভীরের বড় ভাই মো. হাসান সরকার জানান, মঙ্গলবার দুপুরে আটিবাজার থেকে বছিলা সেতু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছিলেন তার ভাই। সেখানে বন্ধু ও বড় ভাইদের সঙ্গে বিসিএসের প্রস্তুতি নিয়ে আলোচনার কথা ছিল। পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের আগে ফুটওভারব্রিজের নিচে পৌঁছালে তিন-চারজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। তাদের প্রত্যেকের হাতে চাপাতিসহ ধারালো অস্ত্র ছিল।
হাসান সরকারের ভাষ্য অনুযায়ী, ছিনতাইকারীরা প্রথমে তানভীরের মুঠোফোন ও ওয়ালেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তারা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার ডান হাত ও পিঠে ১২ থেকে ১৪টি কোপ দেওয়া হয়। এ সময় আশপাশে অনেক মানুষ থাকলেও ভয়ে কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। একপর্যায়ে তানভীর মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তার মালামাল নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছিনতাইকারীরা তার আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং ওয়ালেট নিয়ে গেছে। ওই ওয়ালেটে ছয় থেকে সাত হাজার টাকা ছিল বলে জানান তার বড় ভাই। চিকিৎসা শেষে তারা থানায় অভিযোগ করবেন বলেও জানান তিনি।
এদিকে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
সানা/আপ্র/১১/১১/২০২৬