সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ সংযুক্ত আরব আমিরাতে জামিন পেলেও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তাকে দেশে ফিরিয়ে আনতে আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রেখেছে সরকার। এ জন্য সংযুক্ত আরব আমিরাতে স্থানীয় আইনজীবী নিয়োগের পাশাপাশি তার অবস্থান ও চলাচলের বিষয়ে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে সাবেক আইজিপি বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদকে অবহিত করে এসব তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের উপযুক্ত আদালত বেনজীর আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।
তিনি বলেন, ২০২৬ সালের ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায়, বেনজীর আহমদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে দেশটির ফেডারেল আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে বাংলাদেশকে বলা হয়।
নির্ধারিত সময়সীমার অপেক্ষা না করে মাত্র চার দিনের মধ্যে, অর্থাৎ ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায় বাংলাদেশ। একই দিন তথ্য ও সমন্বয়ের জন্য ওই অনুরোধের একটি অনুলিপি এনসিবি আবুধাবিতেও পাঠানো হয়।
জামিন মানেই প্রত্যর্পণ আবেদন বাতিল নয়
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। শুধু ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করলেই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী দেশের সেন্ট্রাল অথরিটি ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণের আবেদন, অপরাধের ধরন, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নেন।
বেনজীর আহমদের জামিন পাওয়ার অর্থ বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার বা প্রত্যাখ্যান হওয়া নয় বলেও উল্লেখ করেন তিনি। একইভাবে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনগত ও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপ অতিক্রম করতে হওয়াকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করা যথাযথ হবে না।
মন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র পাঠানো হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দেশটিতে স্থানীয় আইনজীবী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তার অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
বিদেশে থাকা সম্পদের তথ্য চেয়েছে দুদক
বেনজীর আহমদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের তথ্য সংগ্রহেও উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে পারস্পরিক আইনগত সহায়তার অনুরোধ পাঠিয়েছে দুদক।
তিনি বলেন, প্রয়োজনীয় নথিপত্র, তথ্য ও প্রমাণ পাওয়ার পর সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের বিষয়ে প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনগত সহযোগিতার কাঠামোর আওতায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেই প্রত্যর্পণের অনুরোধ পাঠিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করেছে। আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি শ্রদ্ধা রেখে বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে গত ৮ সেপ্টেম্বর কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে একটি প্রস্তাব গৃহীত হয়। এতে বেনজীর আহমদ কীভাবে দুবাইয়ে জামিন পেলেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে সংসদকে অবহিত করার দাবি জানানো হয়েছিল। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সংসদে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রত্যর্পণ প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা তুলে ধরেন।
সানা/আপ্র/১১/১১/২০২৬