যশোরের অভয়নগরে ১০ বছরের এক শিশুকে বিদ্যালয়ের শিক্ষকদের বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণের মামলার প্রধান আসামি শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা/রানাভাটা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার বিবরণে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুর পৌনে ১টার দিকে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন ১০ বছরের শিশুটিকে শিক্ষকদের বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন পলাতক ছিলেন। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
সানা/আপ্র/১১/১১/২০২৬