সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিত করা এবং সহজ শর্তে অর্থায়নের আওতায় আনার লক্ষ্যে মেহেরপুরে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় আয়োজিত এ কর্মশালায় তরুণদের ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং সহজ শর্তে প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির মেহেরপুর শাখার এভিপি ও শাখা ব্যবস্থাপক মো. আহসানুল আজিম খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুস। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আশেক বিল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসির মেহেরপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম (ইনচার্জ) মো. তৌহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুরের যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এবং সোনালী ব্যাংক পিএলসির মেহেরপুর শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক ওবায়দুর রহমান।
কর্মশালা সঞ্চালনা করেন সোনালী ব্যাংক পিএলসির গাংনীর গাড়াডোব বাজার শাখার ব্যবস্থাপক মো. এহসান আহমেদ এবং উত্তরা ব্যাংক পিএলসির মেহেরপুর শাখার ব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম। এ সময় রূপালী ব্যাংকের এজিএম এসএম সাব্বির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিত করা এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সানা/আপ্র/১১/১১/২০২৬