গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৮ এএম ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
ছবি

মঙ্গলবার সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম -ছবি সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গত দুই দিন ধরে দেশে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের পদক্ষেপ এবং গোয়েন্দা তৎপরতা নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্তারিত বিবৃতি দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সংসদে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালাচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। আজ আগুনে পুড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নাহিদ ইসলাম বলেন, গত সাত মাস ধরে তাঁরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি নিয়ে কথা বলে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এখন স্পষ্ট ও দৃশ্যমান। সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে ততটা তৎপরতা নেই।

তিনি প্রশ্ন তুলে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রকাশ্যে দেশে এসে রাজনৈতিক কর্মসূচি শেষ করে আবার বিদেশে চলে যাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে, তা জানতে চান তাঁরা।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সংসদ সদস্যরা আশা করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করবেন অথবা এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। কিন্তু অধিবেশনের দ্বিতীয় দিনেও মন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তিনি বলেন, দেশের সামগ্রিক উদ্বেগজনক পরিস্থিতিতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষা ও গোয়েন্দা তৎপরতা জোরদারে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা স্পষ্ট করা প্রয়োজন। ভারতের সঙ্গে কূটনৈতিক পদক্ষেপের ক্ষেত্রেও সরকারের ব্যর্থতা নিয়ে জবাবদিহি চান তাঁরা।

স্পিকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা অবিলম্বে সংসদে স্পষ্ট করা প্রয়োজন।
সানা/আপ্র/১০/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি
১০ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদ...

ষড়যন্ত্র করে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে, সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী
১০ নভেম্বর ২০২৬

ষড়যন্ত্র করে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে, সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ভেতরে ও বাইরে থেকে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ...

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা,  নিরাপত্তা জোরদারের নির্দেশ আইজিপির
১০ নভেম্বর ২০২৬

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ আইজিপির

দেশজুড়ে সহিংসতা ও নাশকতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ঢাকা ও ছয় জেলায় অন্তত ২৮টি...

সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ফের রিমান্ড
১০ নভেম্বর ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ফের রিমান্ড

রাষ্ট্রদ্রোহের অভিযোগ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে করা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই