ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের মাধ্যমে সুরাহা হবে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করার খবরের মধ্যে মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের এ অবস্থান জানানো হয়।
ব্রিফিংয়ে অন্তত চারজন সাংবাদিক শেখ হাসিনার প্রত্যর্পণ, ভ্রমণ নথি এবং এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনার অগ্রগতি নিয়ে প্রশ্ন করেন।
এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে চাইলে এ বিষয়ে ভারতের কোনো ভূমিকা বা আলোচনার সুযোগ আছে কি না। আরেক সাংবাদিক জানতে চান, তাঁর প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে নতুন কোনো আলোচনা হয়েছে কি না। অন্য সাংবাদিকেরা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের দাবি এবং পাসপোর্ট ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, সে বিষয়ে ভারতের অবস্থান জানতে চান।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ভ্রমণ নথির বিষয়ে তিনি বলেন, “এটি একটি আইনি বিষয়। ভ্রমণের জন্য ব্যক্তির বৈধ ভ্রমণ নথি প্রয়োজন।” এ বিষয়ে সুনির্দিষ্ট কারিগরি দিকগুলো খতিয়ে দেখে পরে জানাবেন বলেও মন্তব্য করেন তিনি।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।
এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শেখ হাসিনা।
এদিকে সোমবার এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শুরু থেকেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে ঢাকা।
পানিবণ্টন চুক্তি ও তারেক রহমানের সফর: বাংলাদেশ ও ভারতের পানিবণ্টন চুক্তি নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, “এ বিষয়ে আগের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের বাইরে নতুন কোনো তথ্য নেই।” প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর কিংবা এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “এ মুহূর্তে নিশ্চিত করার মতো কোনো হালনাগাদ তথ্য নেই।”
সানা/আপ্র/১০/১১/২০২৬