বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে প্রশ্ন প্রণয়ন, মুদ্রণ ও সংরক্ষণ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন থেকে প্রশ্নকর্তারা বাসায় বসে নয়, পিএসসির নির্ধারিত গোপনীয় কক্ষে বসে প্রশ্নপত্র তৈরি করছেন। প্রশ্ন মুদ্রণ করা হচ্ছে কমিশনের নিজস্ব ডিজিটাল ছাপাখানায়। নিরাপত্তা জোরদারে ব্যবহার করা হচ্ছে মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এসব তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি পিএসসির নেওয়া এসব পদক্ষেপ তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে ছাপানো হতো। বর্তমানে পিএসসির নিজস্ব ডিজিটাল ছাপাখানায় প্রশ্নপত্র মুদ্রণ করা হচ্ছে। মুদ্রণের কাজে যুক্ত কমিশনের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা কাজ শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ছাপাখানায় অবস্থান করেন। এ সময় বাইরের সঙ্গে যোগাযোগের জন্য তাঁদের কাছে কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক যন্ত্র থাকে না। পুরো কার্যক্রম পিএসসির চেয়ারম্যান নিবিড়ভাবে তদারক করেন।
আব্দুল বারী বলেন, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণের ভল্ট কক্ষ আধুনিকায়ন করা হয়েছে। এখন শুধু সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্য ও মনোনীত কর্মকর্তারা মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে ওই কক্ষে প্রবেশ করতে পারেন। অন্যদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভল্টের নিরাপত্তায় সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
প্রশ্ন প্রণয়নের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগে প্রশ্নকর্তারা বাসায় বসে প্রশ্ন তৈরি করে জমা দিতেন। এখন তাঁদের পিএসসিতে এসে নির্ধারিত গোপনীয় কক্ষে প্রশ্ন প্রণয়নের কাজ শেষ করতে হয়। এরপর প্রশ্নপত্র সিলগালা করে সরাসরি সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্যের কাছে জমা দেওয়া হয় এবং একই দিন তা ভল্টে সংরক্ষণ করা হয়। প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জনের কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা আনতে ‘সার্কুলার পদ্ধতি’ চালু করা হয়েছে বলেও জানান তিনি। এ পদ্ধতিতে পরীক্ষকরা আর উত্তরপত্র বাসায় নিতে পারেন না; কমিশনে উপস্থিত হয়ে দলগতভাবে খাতা মূল্যায়ন করতে হয়।
প্রতিমন্ত্রী আরো জানান, আবেদন গ্রহণ থেকে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষার সব কার্যক্রম স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনা হয়েছে। স্বয়ংক্রিয় উত্তরপত্র পাঠযন্ত্রের মাধ্যমে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রস্তুত করা হয়, যাতে দুর্নীতির সুযোগ কমে আসে।
মৌখিক পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতেও নতুন নিয়ম চালু হয়েছে। এখন পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে নির্ধারণ করা হয় কোন প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন। ফলে আগে থেকে বোর্ডের দায়িত্ব বণ্টন জানার সুযোগ থাকছে না।
প্রতিমন্ত্রী বলেন, এসব পদক্ষেপের মূল লক্ষ্য লাখ লাখ শিক্ষিত ও বেকার তরুণের স্বপ্ন রক্ষা এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা।
সানা/ডিসি/আপ্র/১০/১১/২০২৬